সবজিতে স্বস্তি, মাংসের দাম চড়া
বাজারে নতুন সবজির সমারোহে দাম কমে আসতে শুরু করেছে। আলুর বাজারে স্পষ্ট স্বস্তি দেখা গেলেও পেঁয়াজের দাম এখনো অপরিবর্তিত। শুক্রবার (১০ জানুয়ারি) রাজধানীর মিরপুর ১ নম্বর কাঁচাবাজার ঘুরে জানা গেছে এসব তথ্য।
নতুন সাদা, লাল এবং বগুড়ার আলুর দাম কেজিপ্রতি ১০ থেকে ১৫ টাকা কমেছে। তবে দেশি পেঁয়াজের দাম গত সপ্তাহের মতোই রয়ে গেছে। মানভেদে দেশি পেঁয়াজ ৫৫-৬০ টাকায় বিক্রি হচ্ছে। ছোট আকারের পেঁয়াজের দাম কিছুটা কমেছে, যা ৫৫ টাকায় পাওয়া যাচ্ছে। বাজারে কেবল দেশি পেঁয়াজই বিক্রি হতে দেখা গেছে।
সবজির বাজারেও দাম হ্রাসের ধারা অব্যাহত। টক টমেটো, দেশি গাজর, শিম, শসা, করলা, মুলা, ধুন্দলসহ বিভিন্ন সবজির দাম কেজিপ্রতি ১০ থেকে ২০ টাকা পর্যন্ত কমেছে। ফুলকপি, বাঁধাকপি, লাউসহ অন্যান্য সবজির দামও কমেছে।
মুরগি ও গরুর মাংসের দাম অপরিবর্তিত থাকলেও খাসির মাংসের দাম বেড়েছে ৫০ টাকা। ব্রয়লার মুরগির দাম সামান্য কমলেও কক মুরগির দাম কিছুটা বেড়েছে।
মুদি দোকানের পণ্যের দাম অপরিবর্তিত থাকলেও সয়াবিন তেলের বাজার এখনো স্বাভাবিক হয়নি। ক্রেতারা সয়াবিন তেলের সরবরাহ কম বলে অভিযোগ করছেন।
এগ্রিবার্তা ডেস্ক
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।