২৬ আগস্ট ২০২৬ · ঢাকা, বাংলাদেশ
এগ্রি বার্তা মাটির খবর, মানুষের কথা
কৃষি

নালার পানিতে শাকসবজির চাষ, কী খাচ্ছে নগরবাসী

এগ্রিবার্তা ডেস্ক ১৯ জানুয়ারি ২০২৫ · ২ মিনিট পড়ার সময় · ১ বার পঠিত
শেয়ার করুন:
নালার পানিতে শাকসবজির চাষ, কী খাচ্ছে নগরবাসী

নালার পাশ দিয়ে হাঁটার সময় কলকারখানার বর্জ্যমিশ্রিত পানির দুর্গন্ধ স্পষ্ট। সেই নালা থেকে পাম্পের মাধ্যমে পানি তুলছিলেন ষাটোর্ধ্ব কৃষক শমসুল আলম। তিনি সেই পানি জমা করছেন ছোট জলাধারে, যা পরে টমেটোর চারা ও লালশাকের খেতে ব্যবহার করেন। ৬ জানুয়ারি, পতেঙ্গার আউটার রিং রোডের কাছে দক্ষিণ হালিশহরের নারকেলতলায় গিয়ে তার সঙ্গে কথা হয়। শীতকালীন সবজি চাষের জন্য ছয় কানি জমিতে তিনি সেচের জন্য বাধ্য হয়ে নালার ময়লা পানি ব্যবহার করছেন, কারণ তার কাছে গভীর নলকূপ স্থাপনের অর্থ নেই।

পতেঙ্গার আশপাশে বিভিন্ন কলকারখানা থেকে ভারী পদার্থ অপরিশোধিত অবস্থায় নালা-নর্দমায় মিশে যাচ্ছে। এই নালার পানি ব্যবহার করে কৃষকেরা শাকসবজি উৎপাদন করছেন। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ সুশান্ত বড়ুয়া জানান, এসব শাকসবজিতে ভারী পদার্থ থাকায় তা খেলে মানবদেহে ক্ষতির সম্ভাবনা থাকে, বিশেষ করে লিভার ও কিডনিতে।

স্থানীয় ২০ জন কৃষকের সঙ্গে কথা বলে জানা গেছে, পানির বিকল্প উৎস না থাকায় তারা নালার পানি ব্যবহার করতে বাধ্য হচ্ছেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের চট্টগ্রাম কার্যালয়ের তথ্য অনুযায়ী, পতেঙ্গার ৯৪৫ হেক্টর জমির মধ্যে ৩০০ হেক্টরে নালার পানি ব্যবহার করা হয়। সেখানকার মোট ১২০০ জন কৃষকের অনেকেই সেচের পানির অভাবে কষ্টে আছেন।

বিএডিসি চট্টগ্রাম সেচ বিভাগের প্রধান নুরুল ইসলাম জানিয়েছেন, এতদিন তারা নালার পানি ব্যবহারের ব্যাপারটি জানতেন না। এখন বিষয়টি জানার পর সমাধানের চেষ্টা করা হবে।

এগ্রিবার্তা ডেস্ক

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।