২৬ আগস্ট ২০২৬ · ঢাকা, বাংলাদেশ
এগ্রি বার্তা মাটির খবর, মানুষের কথা
কৃষি

ফুলকপি এক টাকায় বিক্রি, লাভ নেই

এগ্রিবার্তা ডেস্ক ২১ জানুয়ারি ২০২৫ · ২ মিনিট পড়ার সময় · ১ বার পঠিত
শেয়ার করুন:
ফুলকপি এক টাকায় বিক্রি, লাভ নেই

রংপুরের কৃষকদের অভিযোগ, ক্ষেত থেকে উৎপাদিত পণ্যের ন্যায্য দাম পাচ্ছেন না তারা। প্রতি পিস ফুলকপি যেখানে ক্ষেত থেকে মাত্র এক টাকায় বিক্রি হচ্ছে, সেখানে বাজারে এর দাম ১৯ থেকে ২০ টাকা। আলুর ক্ষেত্রেও একই অবস্থা, কৃষকরা উৎপাদন খরচ তুলতে পারছেন না।

কৃষক শহিদুল ইসলাম জানান, প্রতি কেজি আলু উৎপাদনে তার খরচ হচ্ছে ২৪ টাকা, অথচ বাজারে বিক্রি করতে হচ্ছে ১৯ টাকায়। কৃষক হাসেম আলী বলেন, তিনি চলতি মৌসুমে ৩০ হাজার পিস ফুলকপি চাষ করেছেন। প্রতিপিস উৎপাদনে ৫ থেকে ৬ টাকা খরচ হলেও বিক্রি করতে হচ্ছে মাত্র এক টাকায়।

কৃষি পণ্য উৎপাদক থেকে ভোক্তার কাছে পৌঁছানোর মাঝে পাঁচ হাত বদল হয়ে মূল্য কয়েকগুণ বেড়ে যায়। কৃষকরা লোকসানে থাকলেও লাভের পুরো অংশ চলে যাচ্ছে মধ্যস্বত্বভোগীদের কাছে। এ অবস্থায় কৃষি বিপণন বিভাগ নিরব ভূমিকা পালন করছে।

বিশেষজ্ঞদের মতে, অদক্ষ বাজার ব্যবস্থাপনা এবং উৎপাদন ও সরবরাহে সমন্বয়হীনতাই এই পরিস্থিতির জন্য দায়ী। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রভাষক সাইফুদ্দীন খালেদ মনে করেন, কৃষকদের এই ক্ষতি থেকে রক্ষা করতে সরকারকে প্রণোদনা ও বাজার ব্যবস্থাপনার ওপর নজর দিতে হবে। কৃষি কমিশন গঠনের মাধ্যমেও এই সমস্যার সমাধান হতে পারে।

প্রতি বছর রংপুরে প্রায় সাড়ে পাঁচ লাখ মেট্রিক টন কৃষি পণ্য উৎপাদিত হয়, কিন্তু ন্যায্য মূল্য না পেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষকরা।

এগ্রিবার্তা ডেস্ক

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।