লালমনিরহাটে বোরো চাষে আগ্রহী কৃষকরা
লালমনিরহাটে বোরো মৌসুমের জন্য জমি প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। শীত উপেক্ষা করে তারা ভোর থেকেই ধান চাষের নানান কাজ করছেন। আধুনিক যন্ত্রপাতির পাশাপাশি এখনও অনেক কৃষক গরু দিয়ে জমি চাষ করছেন।
জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মোঃ সাইফুল আরিফিন জানান, এ বছর ৪৮ হাজার হেক্টর জমিতে বোরো ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আমন মৌসুমে ধানের ভালো দাম পাওয়ায় কৃষকদের আগ্রহ বেড়েছে।
উপজেলার বিভিন্ন স্থানে বোরো চাষের কার্যক্রম শুরু হয়ে গেছে। তবে পুরো দমে চারা রোপণ ৩০ জানুয়ারির পর শুরু হবে। কৃষি বিভাগের সহায়তায় কৃষকরা আগাম চারা রোপণ করছেন। এতে ফসলের উৎপাদন ভালো হয় এবং রোগবালাই কম থাকে।
কৃষকরা জানাচ্ছেন, দ্রব্যমূল্য বৃদ্ধির ফলে উৎপাদন খরচ বেড়েছে। সার, বীজ, কীটনাশক এবং ডিজেলের দাম বৃদ্ধির কারণে বিঘাপ্রতি ১ থেকে ২ হাজার টাকা অতিরিক্ত খরচ হচ্ছে।
জেলার বিভিন্ন প্রান্তে হাইব্রিড এবং দেশি জাতের ধান রোপণ করছেন কৃষকরা। এ বছর উচ্চ ফলনশীল ধানের জাত যেমন ইস্পাহানি সেভেন, এসিআই বন্ধু, এবং ব্রি ধান ৭৪-এর চাষ হচ্ছে বেশি।
মহেন্দ্রনগর ইউনিয়নের কৃষক আমজাদ আলী জানান, তিনি ১২ বিঘা জমিতে বোরো ধান চাষ করছেন। আমন ধানের ভালো ফলন পাওয়ায় এবার আগেভাগেই বোরো চাষ শুরু করেছেন। তবে শ্রমিকদের মজুরি কিছুটা বেশি হওয়ায় খরচ বেড়েছে।
লালমনিরহাট সদরের উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার সোহায়েল আহমেদ জানান, এ বছর সদর উপজেলায় ১১ হাজার ৫৬০ হেক্টর জমিতে বোরো ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যার উৎপাদন লক্ষ্যমাত্রা ৪৯ হাজার ৯৫০ মেট্রিক টন।
এগ্রিবার্তা ডেস্ক
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।