২৬ আগস্ট ২০২৬ · ঢাকা, বাংলাদেশ
এগ্রি বার্তা মাটির খবর, মানুষের কথা
কৃষি

প্রতি বছর কমছে আড়াই হাজার হেক্টর চাষযোগ্য জমি: কৃষি অধিদপ্তর

এগ্রিবার্তা ডেস্ক ২৪ জানুয়ারি ২০২৫ · ৪ মিনিট পড়ার সময় · ১ বার পঠিত
শেয়ার করুন:
প্রতি বছর কমছে আড়াই হাজার হেক্টর চাষযোগ্য জমি: কৃষি অধিদপ্তর

বাংলাদেশে প্রতিবছর প্রায় আড়াই থেকে তিন হাজার হেক্টর চাষযোগ্য জমি অকৃষি কাজে রূপান্তরিত হচ্ছে। জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে কৃষি জমির এই হ্রাস ভবিষ্যতে খাদ্য নিরাপত্তার জন্য বড় ধরনের উদ্বেগের কারণ হয়ে দাঁড়াতে পারে বলে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন।

আজ বৃহস্পতিবার বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কার্যালয়ে অনুষ্ঠিত এক সেমিনারে এ তথ্য উঠে আসে। কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এবং ফ্রেন্ডস ইন ভিলেজ ডেভেলপমেন্ট বাংলাদেশ যৌথভাবে সেমিনারটির আয়োজন করে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ক্রপস উইংয়ের ভারপ্রাপ্ত পরিচালক মো. শওকত ওসমান বলেন, "অনেকে চাষযোগ্য জমিতে বসতবাড়ি, ইটভাটাসহ বিভিন্ন স্থাপনা নির্মাণ করছেন। এর ফলে দেশের ক্রমবর্ধমান খাদ্য চাহিদা পূরণ কঠিন হয়ে পড়তে পারে।"

নিরাপদ খাদ্য উৎপাদনে নতুন উদ্যোগ সম্পর্কে তিনি জানান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আঞ্চলিক কৃষি উৎপাদনের জন্য প্রথম পর্যায়ে দুই কোটি কৃষককে স্মার্ট কার্ড প্রদান করবে। প্রাথমিকভাবে জৈব সার ব্যবহার করে আটটি নির্দিষ্ট ফসল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের হর্টিকালচার গবেষণা কেন্দ্রের জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা মুহাম্মদ নাজিম উদ্দিন বলেন, "আমাদের মাটির উর্বরতা দিন দিন কমে যাচ্ছে। এমনকি, যা খাবার হিসেবে খাচ্ছি, তা নিরাপদ কি না, তা নিশ্চিত করার মতো কার্যকর উদ্যোগও এখনো দেখা যাচ্ছে না।"

তিনি আরও বলেন, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় টেকসই ও পরিবেশবান্ধব কৃষি প্রযুক্তি অবলম্বন করা জরুরি। পাশাপাশি ভোক্তাদের চাহিদা ও সরবরাহের ভারসাম্য নিশ্চিত করতে নীতিমালা প্রণয়ন এবং বাস্তবায়ন অপরিহার্য।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক ফকির মুহাম্মদ মুনাওয়ার হোসেন বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে শুধু আইন প্রয়োগই নয়, সামাজিক সচেতনতা বৃদ্ধির প্রয়োজন। এ জন্য একটি শক্তিশালী সামাজিক আন্দোলন গড়ে তোলার কথা তিনি উল্লেখ করেন।

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান জাকারিয়া বলেন, কৃষকদের সঠিক প্রশিক্ষণ এবং রেস্টুরেন্ট কর্মী ও মালিকদের জন্য অনলাইন প্রশিক্ষণ ব্যবস্থা চালু করা অত্যন্ত জরুরি। তিনি আরও জানান, জনবলের ঘাটতি মেটাতে কার্যকর উদ্যোগ গ্রহণ করা দরকার।

২০২৩ সালের কৃষি মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, দেশে ৮৮ লাখ ২৯ হাজার হেক্টর চাষযোগ্য জমি ছিল। তবে ক্রমাগত জমি হ্রাসের বর্তমান প্রবণতা অব্যাহত থাকলে খাদ্য নিরাপত্তা বড় ধরনের হুমকির মুখে পড়তে পারে।

এগ্রিবার্তা ডেস্ক

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।