১৭ অক্টোবর ২০২৬ · ঢাকা, বাংলাদেশ
এগ্রি বার্তা মাটির খবর, মানুষের কথা
কৃষি

খোকসায় পেঁয়াজ ছেড়ে তামাক চাষ বাড়ছে

এগ্রিবার্তা ডেস্ক ২৯ জানুয়ারি ২০২৫ · ২ মিনিট পড়ার সময় · ১ বার পঠিত
শেয়ার করুন:
খোকসায় পেঁয়াজ ছেড়ে তামাক চাষ বাড়ছে

কুষ্টিয়ার খোকসা উপজেলার কিছু কৃষক এবছর পেঁয়াজের বদলে তামাক চাষের দিকে ঝুঁকেছেন। এতে স্থানীয় কৃষকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে, কারণ উর্বর জমিতে তামাক চাষ হলে ভবিষ্যতে অন্যান্য ফসল উৎপাদন ব্যাহত হতে পারে।

কৃষি সম্প্রসারণ অফিসের তথ্যমতে, চলতি বছর খোকসার প্রায় পাঁচ হেক্টর জমিতে তামাকের চাষ হয়েছে। বিশেষ করে শিমুলিয়া ইউনিয়নের কৃষকরাই এ চাষে বেশি আগ্রহ দেখিয়েছেন। গত বছর যেখানে মাত্র ১.৫ হেক্টর জমিতে তামাক চাষ হয়েছিল, সেখানে এবার তা বেড়ে পাঁচ হেক্টরে পৌঁছেছে।

স্থানীয় কৃষকদের মতে, ব্রিটিশ টোব্যাকো কোম্পানি তামাকের চারা, সার এবং নগদ সহায়তা দিয়েছে, যা কৃষকদের তামাক চাষে আকৃষ্ট করেছে।

রেজওয়ান হায়দার নামে এক কৃষক জানান, "আমি এবার এক হেক্টর জমিতে তামাক লাগিয়েছি। ভালো ফলন হলে লাভবান হবো।"

রমজান শেখ নামে আরেক কৃষক বলেন, "এটাই আমার প্রথম তামাক চাষ, তবে শেষ পর্যন্ত কেমন হবে, তা জানি না।"

এদিকে, উপজেলা কৃষি অফিস তামাক চাষের বিরুদ্ধে কৃষকদের সতর্ক করেছে। উপজেলা কৃষিবিদ আব্দুল্লাহ আল নোমান বলেন, "তামাক চাষে জমির উর্বরতা নষ্ট হয়, ফলে ভবিষ্যতে অন্য কোনো ফসল ভালোভাবে চাষ করা সম্ভব হয় না।"

এ কারণে স্থানীয় কৃষকদের জন্য তামাক চাষের দীর্ঘমেয়াদি ক্ষতি সম্পর্কে সচেতন করতে কৃষি অফিস একটি প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করেছে। এতে অংশ নেওয়া কৃষকরা তামাক চাষের কুফল সম্পর্কে অবগত হন এবং অনেকেই বিকল্প ফসল চাষের পরামর্শ চান।

এগ্রিবার্তা ডেস্ক

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।