২৬ আগস্ট ২০২৬ · ঢাকা, বাংলাদেশ
এগ্রি বার্তা মাটির খবর, মানুষের কথা
কৃষি

কাপাসিয়ায় বোরো ধানের চারা রোপণে ব্যস্ত চাষি

এগ্রিবার্তা ডেস্ক ২৯ জানুয়ারি ২০২৫ · ৩ মিনিট পড়ার সময় · ১ বার পঠিত
শেয়ার করুন:
কাপাসিয়ায় বোরো ধানের চারা রোপণে ব্যস্ত চাষি

গাজীপুরের কাপাসিয়া উপজেলার ১১টি ইউনিয়নে এখন বোরো ধানের আবাদ পুরোদমে চলছে। শীতের তীব্রতা ও ঘন কুয়াশা উপেক্ষা করেই কৃষকরা চারা রোপণের কাজে ব্যস্ত সময় পার করছেন।

সরেজমিনে দেখা গেছে, কেউ জমি প্রস্তুত করছেন, কেউ মই দিয়ে মাটি সমান করছেন, আবার কেউ জমিতে চারা রোপণের কাজে ব্যস্ত। অনেকেই অন্যের জমিতে শ্রমিক হিসেবে কাজ করছেন। তবে এ বছর কৃষি উপকরণের মূল্যবৃদ্ধির কারণে চাষাবাদের খরচও বেড়েছে।

কাপাসিয়া উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী, চলতি জানুয়ারি মাস পর্যন্ত উপজেলায় মোট ১৩,৯৪৫ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে, যেখানে লক্ষ্যমাত্রা ছিল ১১,৮৫০ হেক্টর। চাষকৃত জাতগুলোর মধ্যে রয়েছে হাইব্রিড টিয়া, ময়না, SL8H, সিনজেন্টা ৭৭২০, সিনজেন্টা ১২০৩, হীরা ০২, নবীন, লাকী ছক্কা, যুবরাজ, তেজ গোল্ডসহ ব্রিধান ও বিনাধানের বিভিন্ন উন্নত জাত।

উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে কৃষকদের নিয়মিত পরামর্শ ও সহায়তা দেওয়া হচ্ছে। পাশাপাশি বোরো চাষের অগ্রগতি পর্যবেক্ষণের জন্য মাঠপর্যায়ে মনিটরিং কার্যক্রমও চালানো হচ্ছে।

কেন্দুয়াব গ্রামের কৃষক আক্তার হোসেন আকন্দ জানান, "কৃষি অফিসের পরামর্শ অনুযায়ী আমরা বোরো আবাদ শুরু করেছি। তবে সার ও জ্বালানির দাম বেড়ে যাওয়ায় উৎপাদন ব্যয়ও বৃদ্ধি পেয়েছে। তবুও আবহাওয়া অনুকূলে থাকলে এবার ভালো ফলনের সম্ভাবনা রয়েছে।"

কাপাসিয়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুমন কুমার বাসক বলেন, "প্রতিবছর উপজেলায় বোরো ধানের আবাদ ভালো হয়। এবারের পরিস্থিতিও আশাব্যঞ্জক। চাষিদের উৎসাহিত করতে আমরা বিভিন্ন প্রশিক্ষণ ও সহায়তা কার্যক্রম চালিয়ে যাচ্ছি।"

উপজেলার প্রতিটি ব্লকে উপসহকারী কৃষি কর্মকর্তারা নিয়মিত মাঠ পরিদর্শন করে কৃষকদের প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছেন। পতিত জমিকে চাষের আওতায় আনতে কৃষকদের উদ্বুদ্ধ করা হচ্ছে।

আবহাওয়া অনুকূলে থাকলে এবারও কাপাসিয়ায় বাম্পার ফলন হবে বলে আশা করা হচ্ছে।

এগ্রিবার্তা ডেস্ক

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।