২৬ আগস্ট ২০২৬ · ঢাকা, বাংলাদেশ
এগ্রি বার্তা মাটির খবর, মানুষের কথা
কৃষি

প্রতি কেজি টমেটো মাত্র ৮ টাকা

এগ্রিবার্তা ডেস্ক ৬ ফেব্রুয়ারি ২০২৫ · ৪ মিনিট পড়ার সময় · ১ বার পঠিত
শেয়ার করুন:
প্রতি কেজি টমেটো মাত্র ৮ টাকা

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় টমেটোর দাম হঠাৎ করেই কমে যাওয়ায় চাষিরা চরম দুশ্চিন্তায় পড়েছেন। বুধবার (৫ ফেব্রুয়ারি) স্থানীয় আড়তে প্রতি কেজি টমেটো মাত্র ৮ টাকা দরে বিক্রি হয়েছে, যা উৎপাদন খরচের তুলনায় অত্যন্ত কম। চাষিরা জানান, ক্ষেত থেকে টমেটো তুলে আড়তে নিয়ে যেতে শ্রমিক ও পরিবহন খরচই উঠছে না। এ অবস্থায় দ্রুত দাম না বাড়লে তারা লোকসানের মুখে পড়বেন।

এদিকে, কম দামে টমেটো কিনে খুশি ভোক্তারা। তবে চাষিদের হতাশা বাড়ছে। তারা বলছেন, বীজ, সার, কীটনাশক, শ্রমিক মজুরি এবং পরিবহন খরচ মেটানোর কোনো উপায় নেই। শারীরিক পরিশ্রমের মূল্যও তারা পাচ্ছেন না।

পাইকার ও আড়তদাররাও লোকসানের মুখে পড়েছেন। এক পাইকারি ব্যবসায়ী বলেন, "বাজারে সবজির দাম কমলেও শ্রমিক খরচ কমেনি। এ কারণে আমরা কম টমেটো কিনছি, লাভ নেই। কৃষকরা যেমন ক্ষতিগ্রস্ত, আমরাও একই অবস্থায়।"

চাষিরা অভিযোগ করেন, উৎপাদন বেশি হলেও সবজি সংরক্ষণের জন্য হিমাগারের অভাব রয়েছে। এ কারণে তারা ন্যায্য দাম পাচ্ছেন না। বড়হিত ইউনিয়নের কৃষক সালাম মিয়া বলেন, "সার ও কীটনাশকের দাম বাড়িয়ে ডিলাররা আমাদের ঠকাচ্ছে। এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় না।"

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এবার ঈশ্বরগঞ্জে ১ হাজার ২৭৫ হেক্টর জমিতে শীতকালীন সবজি চাষ হয়েছে। হাইটম, বিউটিফুল-২, বিপুল প্লাস, মেজর, বাহুবলী ও বিউটি জাতের টমেটো চাষ করা হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় ফলন ভালো হয়েছে।

চাষিরা জানান, প্রথম দিকে প্রতি মণ টমেটো ৩ হাজার ৫০০ টাকা দরে বিক্রি হলেও এখন প্রতি কেজি মাত্র ৮-১০ টাকায় বিক্রি হচ্ছে। স্থানীয় চাষি হেলাল ও রবিকুল বলেন, "ময়মনসিংহ সদর ও ঈশ্বরগঞ্জের টমেটো ঢাকা, চট্টগ্রাম, সিলেটসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করা হয়। কিন্তু দাম কমে যাওয়ায় আমরা বিপাকে পড়েছি। মধ্যস্বত্বভোগীরা সুযোগ নিচ্ছেন।"

পাইকারি ক্রেতা খোকন মিয়া বলেন, "চাহিদা কম এবং উৎপাদন বেশি হওয়ায় দাম কমেছে। এ কারণে পাইকারি ক্রেতাও কমেছে।"

উপজেলা কৃষি অফিসার রিপা রানী চৌহান বলেন, “এবার রেকর্ড পরিমাণ সবজি উৎপাদিত হয়েছে। মৌসুমের শুরুতে চাষিরা ভালো দাম পেয়েছেন। বাজারে সরবরাহ বেড়ে যাওয়ায় দাম কিছুটা কমেছে, তবে চাষিরা লোকসানে পড়বেন না। তবে দাম কমা চলতে থাকলে ক্ষতিগ্রস্ত হবেন।”

এগ্রিবার্তা ডেস্ক

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।