সিন্ডিকেট ভাঙতে সরকারের নতুন উদ্যোগ ঘোষণা
সরকার কৃষকদের সরাসরি কৃষি পণ্য বিক্রির সুবিধা দিতে নতুন উদ্যোগ নিচ্ছে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বৃহস্পতিবার রাজধানীর দক্ষিণ বেগুনবাড়িতে টিসিবির ভ্রাম্যমাণ ট্রাক সেল কার্যক্রম উদ্বোধনকালে এ তথ্য জানান।
তিনি বলেন, “প্রস্তাব রয়েছে যে, প্রতিটি বাজারের পাশে একটি বিকল্প কৃষি বাজার গঠন করা হবে, যেখানে কৃষকরা সরাসরি তাদের পণ্য বিক্রি করতে পারবেন। এর মাধ্যমে সিন্ডিকেটের প্রভাব কমানো সম্ভব হবে।”
সাংবাদিকদের সঙ্গে আলোচনা করে এই বিষয়ে পরামর্শ নেওয়ার আগ্রহ প্রকাশ করেন তিনি। আসিফ মাহমুদ আরও জানান, সরকার সিন্ডিকেট ভাঙার জন্য দ্রুত ব্যবস্থা নেবে না, বরং দীর্ঘমেয়াদী সমাধানে কাজ করবে।
“মজুদ এবং অন্যান্য কার্যক্রমের কারণে দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে, যা জনদুর্ভোগ সৃষ্টি করছে। আমরা এ বিষয়ে কাজ করছি এবং সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকব,” বলেন তিনি।
এছাড়া, বৃহস্পতিবার থেকে ফ্যামিলি কার্ডধারীরা ছাড়াও সাধারণ মানুষও টিসিবির পণ্য কিনতে পারবেন। টিসিবির বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নিম্ন আয়ের এক কোটি পরিবারকে সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি করা হচ্ছে। ঢাকা ও চট্টগ্রামে ৫০টি ও ২০টি ট্রাকে এসব পণ্য বিক্রি হবে।
এগ্রিবার্তা ডেস্ক
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।