সাতকানিয়া লোহাগাড়া ফাউন্ডেশনের পরিচালনায় সবজি বাজার
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ বটতলী স্টেশনে গত বৃহস্পতিবার একদল তরুণ সবজির পসরা সাজিয়ে বসেন। সড়কের পাশে লাউ, কাঁচা পেঁপে, বরবটি, করলা, শসা, ঝিঙে, আলু, বেগুন এবং লালশাকসহ নানা ধরনের সবজি বিক্রি করছেন তারা। কৃষকদের কাছ থেকে কেনা দামে এসব সবজি বিক্রি করছেন সাতকানিয়া লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকরা।
এ সংগঠনটি আগস্ট মাসে যাত্রা শুরু করে এবং এতে সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থী ও ব্যবসায়ীরা যুক্ত আছেন। তরুণদের উদ্যোগে সবজি বিক্রির সময় ক্রেতাদের ভিড় সামলাতে হিমশিম খেতে হচ্ছে। তবে ক্রেতারা বাজারমূল্যের তুলনায় কম দামে সবজি কিনতে পেরে সন্তুষ্ট।
বিশ্ববিদ্যালয়ের ছাত্র বোরহান উদ্দিন জানান, তিনি ফেসবুকের মাধ্যমে এই বিক্রির খবর জানতে পারেন এবং বাজারের তুলনায় কম দামে চার ধরনের টাটকা সবজি কিনেছেন। সংগঠনটি জানায়, বৃহস্পতিবার প্রথমবারের মতো কেনা দামে সবজি বিক্রি শুরু হয়েছে এবং যতদিন পর্যন্ত সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে দাম না আসবে, ততদিন এ কার্যক্রম চলবে। বৃহস্পতিবার তারা ৭০ হাজার টাকার সবজি বিক্রি করেছেন।
সবজির দামও উল্লেখযোগ্যভাবে কম। প্রতি কেজি লাউ ৩৫ টাকা, পেঁপে ২০ টাকা, বরবটি ৪০ টাকা, করলা ৭৫ টাকা, শসা ৪০ টাকা, ঝিঙে ৪০ টাকা, মিষ্টিকুমড়া ৪৫ টাকা, বেগুন ৭০ টাকা এবং আলু ৫০ টাকায় বিক্রি হচ্ছে।
সংগঠনের সভাপতি ওবাইদ বিন নূর জানান, নিত্যপ্রয়োজনীয় পণ্যের উচ্চমূল্যে সাধারণ মানুষ দিশাহারা হয়ে পড়েছে। তাই মানবিক দৃষ্টিকোণ থেকে তারা এই উদ্যোগ নিয়েছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মু. ইনামুল হাছানও এই উদ্যোগকে প্রশংসনীয় বলে মন্তব্য করেন এবং সংগঠনটিকে এক লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান করেন।
এগ্রিবার্তা ডেস্ক
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।