২২ আগস্ট ২০২৬ · ঢাকা, বাংলাদেশ
এগ্রি বার্তা মাটির খবর, মানুষের কথা
কৃষি

জাতীয় যুব দিবসে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হলো

এগ্রিবার্তা ডেস্ক ২ নভেম্বর ২০২৪ · ৪ মিনিট পড়ার সময় · ১ বার পঠিত
শেয়ার করুন:
জাতীয় যুব দিবসে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হলো

রাজশাহী বিভাগের কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর মন্তব্য করেছেন যে, বরেন্দ্র অঞ্চলের খাল-বিলের পানি কৃষি ও জীববৈচিত্র্যে ইতিবাচক প্রভাব ফেলবে। তিনি বলেন, বরেন্দ্র অঞ্চল একটি খরা প্রবণ এলাকা, তাই এখানে পানি কৃষি কাজ এবং জীববৈচিত্র্যের জন্য সহায়ক হবে।

শুক্রবার (১ নভেম্বর) জাতীয় যুব দিবস-২০২৪ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন। এদিন সকালে রাজশাহীর গাঙপাড়া খাল পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন।

রাজশাহীর বায়া ব্রিজ চত্বর এলাকায় এ পরিচ্ছন্নতা কর্মসূচির সূচনা করেন তিনি এবং বেলুন-ফেস্টুন উড়িয়ে জাতীয় যুব দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। যুব দিবসটি উপলক্ষ্যে মহানগরীর জলাবদ্ধতা নিরসন ও ডেঙ্গু প্রাদুর্ভাব নির্মূলের অংশ হিসেবে এই পরিষ্কার অভিযান শুরু হয়েছে।

রাজশাহী সিটি করপোরেশন ও পানি উন্নয়ন বোর্ডের যৌথ উদ্যোগে গাঙপাড়া খালের মুখে ময়লা-আবর্জনা অপসারণের কাজে প্রধান অতিথিসহ অন্যান্য আমন্ত্রিত অতিথিরা অংশ নেন। এরপর 'দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ' এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় যুব দিবস-২০২৪ উপলক্ষে পবা উপজেলা পরিষদে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর বলেন, ডেঙ্গুর প্রাদুর্ভাব নির্মূলের লক্ষ্যে পরিচ্ছন্নতার সুফল সম্পর্কে এলাকাবাসীকে সচেতন করতে হবে। পরিচ্ছন্ন মহানগরী হিসেবে রাজশাহীকে ডেঙ্গু ও দূষণমুক্ত রাখতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি জানান, আজ বায়া ব্রিজ এলাকার গাঙপাড়া খালে ১১ কিমি পরিষ্কার-পরিচ্ছন্ন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে এবং পর্যায়ক্রমে দুয়ারী খাল ও জিয়া খালকে দখলমুক্ত ও দূষণমুক্ত করার লক্ষ্যে অভিযান পরিচালনা করা হবে।

এ সময় তিনি বলেন, জলাবদ্ধতার কারণে প্রবাহিত খালগুলো অপরিচ্ছন্ন থাকায় পানি নদীতে নামতে পারে না, যা জলাবদ্ধতা সৃষ্টি করে। বিভাগীয় ও জেলা প্রশাসনের পক্ষ থেকে সীমিত পরিসরে জলাবদ্ধতা নিরসনের অংশ হিসেবে আজ গাঙপাড়া খালের মুখে ময়লা-আবর্জনা অপসারণের অভিযান শুরু হয়েছে।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো সোহরাব হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) তরফদার মো. আক্তার জামীল এবং ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সরকার অসীম কুমার।

এছাড়া অনুষ্ঠানে যুব ঋণের চেক, ক্রেস্ট, সনদপত্র ও গাছের চারা প্রদান করা হয় এবং পরে উপজেলা প্রাঙ্গণে গাছের চারা রোপণ করেন রাজশাহী বিভাগীয় কমিশনার।

এগ্রিবার্তা ডেস্ক

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।