বিষ প্রয়োগে ৮ লাখ টাকার মাছ নিধন: অভিযোগ দায়ের!
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার চায়না বাজার এলাকায় এক মৎস্যচাষির মাছের খামারে বিষ ঢেলে প্রায় ৮ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে। জানা গেছে, মৎস্যচাষি আলতাব হোসেনকে দীর্ঘদিন ধরে হেনস্তা করার চেষ্টা চালাচ্ছিলেন স্থানীয় স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক শফিউজ্জামান তপন।
৫ আগস্টের পর তপনের নেতৃত্বে একদল যুবক আলতাবের খামারের মাছ লুট করার চেষ্টা করে, কিন্তু স্থানীয়দের বাধার কারণে তা সফল হয়নি। এরপর থেকে তপন আলতাবের কাছে চাঁদা দাবি করতে থাকে, যা তিনি দিতে অস্বীকার করেন।
এরপর গত ২ নভেম্বর ভোরে তপন আলতাবের খামারে বিষ ঢেলে দেন, যার ফলে প্রায় ১০০ মণ বিভিন্ন প্রজাতির মাছ মারা যায়। উপজেলা মৎস্য অফিসারের উপস্থিতিতে পানি পরীক্ষা করে বিষ ঢেলে মাছ নিধনের বিষয়টি নিশ্চিত করা হয় এবং ঘটনাস্থলে চারটি খালি বিষের বোতল পাওয়া যায়।
এ ঘটনায় আলতাব হোসেন থানায় অভিযোগ দায়ের করেছেন। উল্লেখ্য, শফিউজ্জামান তপন চাকরিচ্যুত সাবেক পুলিশ কনস্টেবল। তিনি গত বছরের জাতীয় নির্বাচনে মনোনয়ন পাওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু নির্বাচন কমিশন তার মনোনয়নপত্র বাতিল করে দেয়।
৫ আগস্টের পর থেকে তপনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ উঠেছে এবং এর আগে একই ইউনিয়নে এক ব্যবসায়ীকে অপহরণের অভিযোগও রয়েছে।
এগ্রিবার্তা ডেস্ক
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।