২২ আগস্ট ২০২৬ · ঢাকা, বাংলাদেশ
এগ্রি বার্তা মাটির খবর, মানুষের কথা
কৃষি

ঢাকায় দেশি পেঁয়াজের মূল্য বৃদ্ধি অব্যাহত

এগ্রিবার্তা ডেস্ক ৬ নভেম্বর ২০২৪ · ২ মিনিট পড়ার সময় · ১ বার পঠিত
শেয়ার করুন:
ঢাকায় দেশি পেঁয়াজের মূল্য বৃদ্ধি অব্যাহত

দেশের বাজারে গত কয়েক সপ্তাহে দেশি পেঁয়াজের দাম কেজিতে ৩০ থেকে ৪০ টাকা বেড়ে গেছে। সোমবার (৪ অক্টোবর) ঢাকার বিভিন্ন পাইকারি ও খুচরা বাজারে এ তথ্য উঠে এসেছে।

ঢাকার বাজারে দুই সপ্তাহ আগে ১২০ টাকায় বিক্রি হওয়া এক কেজি দেশি পেঁয়াজ এখন ১৫০ টাকায় পৌঁছেছে। কারওয়ান বাজারে পেঁয়াজের দাম ১৪০ টাকা কেজি এবং বসুন্ধরা কাঁচাবাজারে ১৫০ টাকায় বিক্রি হচ্ছে।

অতিবৃষ্টির কারণে চাষাবাদ বিঘ্নিত হওয়ায় বাজারে আগাম পেঁয়াজের সরবরাহ কম বলে ব্যবসায়ীরা অভিযোগ করেছেন। অন্যদিকে, আমদানি করা পেঁয়াজের দাম ১০ থেকে ২০ টাকা বেড়ে বর্তমানে ১১০ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে।

আমদানিকারকদের দাবি, ভারত থেকে বেশি দামে পেঁয়াজ কিনতে হচ্ছে, এবং ডলারের মূল্য বৃদ্ধিও দাম বাড়ানোর একটি কারণ। তবে ভোক্তাদের অভিযোগ, কিছু অসাধু ব্যবসায়ীর সিন্ডিকেটের কারণে দাম অস্বাভাবিকভাবে বেড়ে গেছে।

কৃষি বিপণন অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে পেঁয়াজের বার্ষিক চাহিদা ২৬ থেকে ২৭ লাখ টন। এর মধ্যে ৭৫ থেকে ৮০ শতাংশ স্থানীয় উৎপাদনের মাধ্যমে পূরণ হয়, বাকি চাহিদা আমদানি করে মেটানো হয়।

এগ্রিবার্তা ডেস্ক

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।