২৩ আগস্ট ২০২৬ · ঢাকা, বাংলাদেশ
এগ্রি বার্তা মাটির খবর, মানুষের কথা
কৃষি

সিংড়ায় শুরু হয়েছে আমন ধান কাটার উৎসব

এগ্রিবার্তা ডেস্ক ৯ নভেম্বর ২০২৪ · ৪ মিনিট পড়ার সময় · ১ বার পঠিত
শেয়ার করুন:
সিংড়ায় শুরু হয়েছে আমন ধান কাটার উৎসব

নাটোরের সিংড়ায় কৃষি প্রধান চলনবিলের মাঠে শুরু হয়েছে আগাম জাতের বোনা ও রোপা আমন ধান কাটার ধুম। এই মৌসুমকে কেন্দ্র করে বাঙালির ঐতিহ্যবাহী নবান্ন উৎসবের আয়োজন করা হয়। এক বছরের মধ্যে দুইবার বন্যার কারণে বোনা আমনের ফলন কিছুটা কম হলেও রোপা আমনের ফলন সন্তোষজনক হয়েছে। কৃষকেরা আশা করছেন, ধানের বাজার স্থিতিশীল থাকলে তারা লাভবান হবেন।

সিংড়া উপজেলার সাধারণত নিম্নাঞ্চলে বোনা আমন এবং কম নীচু এলাকায় রোপা আমন চাষ হয়ে থাকে। উপজেলা কৃষি বিভাগ জানায়, চলনবিল এলাকায় বোনা আমন ধানের আবাদ কৃষকদের জন্য লাভজনক। কারণ, এই আবাদে শুধু বীজ ছিটিয়ে দিলেই চলে এবং রাসায়নিক সার ও কীটনাশকের খরচও কম থাকে।

সরেজমিনে সাতপুকুরিয়া, ইন্দ্রাসন, ডাহিয়া, বেড়াবাড়ি ও চৌগ্রামসহ বিভিন্ন এলাকায় ঘুরে দেখা যায় কৃষকরা আনন্দের সঙ্গে সরসড়িয়া, দিঘা, সাদা দিঘা ও কাজল দিঘাসহ বিভিন্ন জাতের বোনা আমন ধান কাটছেন। কিছু এলাকায় বানের পানি নামতে দেরি হওয়ায় নৌকা করে ধান কাটতে হচ্ছে। পাশাপাশি রোপা আমন ধানও কাটা শুরু হয়েছে। স্থানীয় শ্রমিকদের পাশাপাশি পাবনা, রংপুর ও রাজশাহী থেকে অনেক শ্রমিক চলনবিলে এসে ধান কাটছেন।

ছোট খোলবাড়িয়া গ্রামের কৃষক আয়েন উদ্দিন জানান, তার ৪০ বিঘা জমিতে রোপা আমন ধান রয়েছে। তিনি বলেন, “১০ বিঘা জমির ধান কেটে ঘরে তুলেছি এবং প্রতি বিঘায় গড়ে ৭ থেকে ৮ মণ ফলন হয়েছে।” গত বছর তার ফলন ছিল ৮ থেকে ৯ মণ। তিনি জানান, পরপর দুইবার বন্যার কারণে এবছর বোনা আমনের ফলন কমেছে। তবে রোপা আমনের ফলন গত বছরের তুলনায় ভালো হয়েছে এবং তারা প্রতি বিঘায় ১২ থেকে ১৪ মণ ফলনের আশা করছেন।

আয়েশ গ্রামের কৃষক শেখ বাহা উদ্দিন বলেন, “বর্তমানে ইরি ধানের বাজার মূল্য ১৬৫০ থেকে ১৭০০ টাকা এবং আমন ধানের বাজার ১২০০ থেকে ১৩০০ টাকা প্রতি মণ।” তিনি আশা করেন যে বাজার স্থিতিশীল থাকলে তারা লাভবান হবেন। সাতপুকুরিয়া গ্রামের কৃষক রউচ উদ্দিন ও ডাহিয়া গ্রামের আলহাজ জানান, তাদের জমিতে এখনও বানের পানি থাকায় নৌকা দিয়ে ধান কাটতে হচ্ছে, ফলে শ্রমিক খরচ বেড়ে গেছে।

সিংড়া উপজেলা কৃষি অফিসার খন্দকার ফরিদ জানান, এ বছরে উপজেলায় ২৯ হাজার ২১০ হেক্টর জমিতে আমন ধানের চাষ হয়েছে। এর মধ্যে রোপা আমনের চাষ হয়েছে ২৩ হাজার ৬১০ হেক্টর এবং বোনা আমনের চাষ হয়েছে ৫ হাজার ৬০০ হেক্টর জমিতে। তিনি বলেন, “ফলন ও দাম দুটোই ভালো থাকায় কৃষকরা লাভবান হবেন।”

এগ্রিবার্তা ডেস্ক

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।