২৩ আগস্ট ২০২৬ · ঢাকা, বাংলাদেশ
এগ্রি বার্তা মাটির খবর, মানুষের কথা
কৃষি

দেওয়ানগঞ্জে নতুন পেঁয়াজের উৎপাদন বাড়ছে

এগ্রিবার্তা ডেস্ক ৯ নভেম্বর ২০২৪ · ৩ মিনিট পড়ার সময় · ১ বার পঠিত
শেয়ার করুন:
দেওয়ানগঞ্জে নতুন পেঁয়াজের উৎপাদন বাড়ছে

ঠাকুরগাঁওয়ের দেওয়ানগঞ্জ উপজেলার নদী তীরবর্তী চরাঞ্চলে নতুন পেঁয়াজ চাষের ধারা শুরু হয়েছে, যা কৃষকদের জন্য লাভজনক প্রমাণিত হচ্ছে। কৃষকরা এখন হাটবাজারে পেঁয়াজ বিক্রি করে ভালো দাম পাচ্ছেন, ফলে তাদের মুখে হাসি ফুটেছে। তবে, নতুন পেঁয়াজ ক্ষেত থেকে চুরি হওয়ার কারণে কৃষকরা রাত জেগে জমির পেঁয়াজ পাহারা দিচ্ছেন।

দেওয়ানগঞ্জের কৃষি কর্মকর্তা কৃষিবিদ আলমগীর হোসেন ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা মুকুল জানান, নদীর কোলায় জেগে ওঠা চরে পাতা পেঁয়াজ (পেঁয়াজ কলি) মাত্র ৩৫-৪০ দিনে পরিপক্ব হয়। দেখতে সুন্দর ও টকটকে লাল রঙের এই পেঁয়াজের পাতা গাঢ় সবুজ এবং লম্বা। চলতি মৌসুমে ২৫০ হেক্টর জমিতে পাতা পেঁয়াজ চাষ করা হয়েছে, যেখানে প্রতি বিঘায় উৎপাদন ২৫-৩০ মণ। বর্তমানে বাজারে পাতা পেঁয়াজের দাম ৫০-৬০ টাকা প্রতি কেজির আঁটি।

দেওয়ানগঞ্জের যমুনা তীরবর্তী চিকাজানী খোলাবাড়ী এলাকা পরিদর্শন করে কৃষকদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা যায়।

পাতা পেঁয়াজ চাষি আ. রহমান জানান, এবারের ফলন ভালো হলেও কিছু পেঁয়াজ পানির কারণে পচে গেছে।

চর কালিকাপুরের কৃষক আমের আলী বলেন, তার জমির পেঁয়াজের ফলন সন্তোষজনক হয়েছে। তবে, বাজারে চাহিদা বেশি থাকায় জমি থেকে পেঁয়াজ চুরি হচ্ছে। তাই পরিবারের সদস্যদের নিয়ে রাত জেগে পাহারা দিতে হচ্ছে।

অন্য একজন কৃষক শফিকুল জানান, এক বিঘা জমিতে পেঁয়াজ চাষ করতে ৩০ হাজার টাকা খরচ হয়েছে। তিনি ইতোমধ্যে ১০ হাজার টাকার পেঁয়াজ বিক্রি করেছেন এবং আরও ৬০-৭০ হাজার টাকার বিক্রির আশা করছেন।

বুধবার দেওয়ানগঞ্জ পৌরসভার হাটবাজার ঘুরে দেখা গেছে, কৃষকরা তাদের উৎপাদিত নতুন পেঁয়াজ বাজারে নিয়ে এসেছেন। পুরাতন পেঁয়াজের তুলনায় নতুন পেঁয়াজের দাম কম হওয়ায় ক্রেতাদের মধ্যে আগ্রহ বেশি লক্ষ্য করা গেছে।

এগ্রিবার্তা ডেস্ক

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।