২৩ আগস্ট ২০২৬ · ঢাকা, বাংলাদেশ
এগ্রি বার্তা মাটির খবর, মানুষের কথা
কৃষি

ঝুঁকি নিয়ে ঠাকুরগাঁওয়ে চলছে আলু চাষ

এগ্রিবার্তা ডেস্ক ১০ নভেম্বর ২০২৪ · ৩ মিনিট পড়ার সময় · ১ বার পঠিত
শেয়ার করুন:
ঝুঁকি নিয়ে ঠাকুরগাঁওয়ে চলছে আলু চাষ

ঠাকুরগাঁওয়ে কৃষকরা এবার আগাম আলু চাষে ব্যস্ত রয়েছেন। প্রতি বছর বাড়তি লাভের আশায় তারা এই চাষ করেন, তবে চলতি মৌসুমে রোপা আমন ধান কাটার কাজ এখনও শেষ হয়নি। সদ্য ফাঁকা হওয়া জমিগুলোতে এখন আগাম আলু চাষ করছেন কৃষকরা, যদিও এবারের আলু চাষে তাদের জন্য কিছুটা ঝুঁকি রয়েছে। গত বছর আলুর ভালো দাম পাওয়ার কারণে তারা আশাবাদী হয়ে এই ঝুঁকি নিচ্ছেন।

জেলায় ডায়মন্ড, অ্যাস্টেরিক ও কার্টিনাল নামে তিনটি আগাম জাতের আলু চাষ করা হয়েছে, যা ৫৫-৬০ দিনের মধ্যে বিক্রির উপযোগী হয়ে ওঠে। চলতি মৌসুমে ২৭ হাজার ৫০০ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, এর মধ্যে এখন পর্যন্ত ২ হাজার ৭০০ হেক্টর জমিতে আলু চাষ করা হয়েছে।

কৃষকরা জানান, এ বছর তারা বাইরে থেকে আলুর বীজ কিনছেন ৮০-৮৫ টাকায়, যা গত বছরের তুলনায় ২৫-৩০ টাকা বেশি। সারের দামও বেড়ে গেছে, ফলে উৎপাদন ব্যয় অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। বিঘাপ্রতি উৎপাদন ব্যয় এখন ৭০ হাজার টাকায় পৌঁছেছে, যা আগে ছিল ৪০ হাজার টাকা।

সরকারি সরবরাহকৃত আলুর বীজের দাম জাতভেদে ৫৭ থেকে ৬৬ টাকা কেজি নির্ধারণ করা হয়েছে, কিন্তু চাহিদার তুলনায় বীজের অভাব রয়েছে। কৃষকরা বাধ্য হয়ে বেশি দামে বীজ কিনতে হচ্ছে। সারের বাজারমূল্যও কৃষকদের জন্য চাপ সৃষ্টি করছে; ডিলাররা সরকারি দামে বিক্রি না করে বেশি দামে বিক্রি করছেন।

কৃষকরা বলছেন, গত দুই মৌসুমে আলুর দাম ভালো থাকায় তারা বাড়তি উৎপাদন ব্যয়ের ঝুঁকি নিচ্ছেন। তবে সরকারি দামে বীজ ও সার পেলে তাদের উৎপাদন ব্যয় কিছুটা কমানো সম্ভব হবে। যদি সঠিক বাজারমূল্য না পান, তাহলে তাদের পুঁজি হারাতে হবে।

নারগুন ইউনিয়নের কৃষক তরিকুল বলেন, “গত বছর খরচ দ্বিগুণ হয়েছিল, এবার আরও বেড়েছে। যদি দাম না পাই, তাহলে মাঠেই মরতে হবে।” আকচা ইউনিয়নের সোহেল রানা জানান, “গত বছর ৫০ শতক জমিতে খরচ হয়েছিল ৩০-৪০ হাজার টাকা, এবার তা বেড়ে দাঁড়িয়েছে ৭০ হাজার টাকায়।”

তবে কৃষি অফিস আশাবাদী যে আলুর ভালো দাম পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং বড় কোনো প্রাকৃতিক দুর্যোগ না হলে চলতি মৌসুমে ভাল ফলন হবে।

এগ্রিবার্তা ডেস্ক

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।