২৩ আগস্ট ২০২৬ · ঢাকা, বাংলাদেশ
এগ্রি বার্তা মাটির খবর, মানুষের কথা
কৃষি

সাতক্ষীরায় কৃষি বিজ্ঞানীদের কর্মশালা অনুষ্ঠিত

এগ্রিবার্তা ডেস্ক ১০ নভেম্বর ২০২৪ · ৩ মিনিট পড়ার সময় · ১ বার পঠিত
শেয়ার করুন:
সাতক্ষীরায় কৃষি বিজ্ঞানীদের কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরায় বর্ষা মৌসুমে রেকর্ড পরিমাণ বৃষ্টি ও জলাবদ্ধতার প্রভাব মোকাবেলা করতে খাদ্য নিরাপত্তা বজায় রাখার লক্ষ্যে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) একটি কর্মশালার আয়োজন করেছে। এই কর্মশালায় দেশের শীর্ষ কৃষি বিজ্ঞানীরা অংশগ্রহণ করেন।

৮ নভেম্বর সকাল ১০টায় সাতক্ষীরা উপকেন্দ্রে অনুষ্ঠিত এই কর্মশালাটি "উদ্ভাবিত জাত ও প্রযুক্তিসমূহ সম্প্রসারণ ও বিদ্যমান শস্যবিন্যাসে অন্তর্ভুক্তিকরণ" বিষয়ক আলোচনা নিয়ে ছিল। দিনব্যাপী এই কর্মশালায় সাতক্ষীরা ও খুলনার কৃষক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা, বীজ ডিলার, এনজিও প্রতিনিধি, বিনা, বারি, ব্রি, বিএডিসি এবং বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা অংশ নেন।

প্রথম পর্বে ১০০ জন এবং দ্বিতীয় পর্বে নড়াইল ও বাগেরহাটের ১০০ জন কৃষক অংশগ্রহণ করেন। কর্মশালার মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিনার উদ্ভিদ দেহতত্ত্ব বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. বাবুল আকতার। তিনি খুলনা অঞ্চলের বিভিন্ন সমস্যার কথা উল্লেখ করে ফসল উৎপাদন ও সংরক্ষণে নতুন কৌশল তুলে ধরেন।

কর্মশালায় আলোচিত সমস্যাগুলোর মধ্যে জলাবদ্ধতা, লবণাক্ততা, জমির দেরিতে ফসল চাষের উপযোগী হওয়া, সেচ সংকট এবং উপযুক্ত জাতের অভাব উল্লেখযোগ্য। এসব সমস্যা মোকাবেলায় বিশেষ জাতের ফসল চাষের সুপারিশ করা হয়, যেমন: বোরো মৌসুমের জন্য বিনাধান ১০, বিনাধান ২৪ ও বিনাধান ২৫ এবং আমন মৌসুমের জন্য বিনা ২৩।

বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. আবুল কালাম আজাদ প্রধান অতিথির বক্তব্যে বলেন, সাতক্ষীরা-খুলনা অঞ্চল লবণাক্ততার জন্য পরিচিত। তিনি জানান, বিনা গবেষণার মাধ্যমে এই চ্যালেঞ্জ মোকাবেলার জন্য নতুন জাত উদ্ভাবন করছে এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে।

কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিনার পরিচালক (গবেষণা) ড. মো. ইকরাম-উল-হক, প্রকল্প পরিচালক ড. মাহবুবুল আলম তরফদার এবং অন্যান্য কর্মকর্তারা।

এগ্রিবার্তা ডেস্ক

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।