২৩ আগস্ট ২০২৬ · ঢাকা, বাংলাদেশ
এগ্রি বার্তা মাটির খবর, মানুষের কথা
কৃষি

সুপ্রিম কোর্টের রায়ে চাকরি ফিরে পাচ্ছেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা

এগ্রিবার্তা ডেস্ক ১৪ নভেম্বর ২০২৪ · ২ মিনিট পড়ার সময় · ১ বার পঠিত
শেয়ার করুন:
সুপ্রিম কোর্টের রায়ে চাকরি ফিরে পাচ্ছেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা

অবশেষে প্রায় সাত বছর পর চাকরি ফিরে পাচ্ছেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা হাসান রুহী। সুপ্রিম কোর্টের আপিল বিভাগ তার চাকরিতে পুনর্বহালের রায় বহাল রেখেছে। বুধবার (১৩ নভেম্বর) সরকারের করা আবেদন খারিজ করে দেন আপিল বিভাগের সিনিয়র বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন বেঞ্চ। হাসান রুহীর পক্ষে আদালতে উপস্থিত ছিলেন আইনজীবী ব্যারিস্টার ওমর ফারুক।

২০১৭ সালের ২১ সেপ্টেম্বর বিনা অনুমতিতে কর্মস্থল ত্যাগ, কর্তৃপক্ষের নির্দেশ না মানা, বিভাগীয় কাজ সম্পাদনে অবহেলা এবং অসৌজন্যমূলক আচরণের অভিযোগে তাকে চাকরি থেকে অপসারণ করা হয়। এরপর তিনি মহাপরিচালক বরাবর আপিল করেন, যা ২০ ডিসেম্বর নামঞ্জুর হয়। পরে প্রশাসনিক ট্রাইব্যুনালে মামলা করলে ২০১৯ সালের ১৫ সেপ্টেম্বর তা খারিজ হয়। এরপর তিনি আপিল ট্রাইব্যুনালে পুনরায় আপিল করেন।

২০২৩ সালের ৯ অক্টোবর প্রশাসনিক আপিল ট্রাইব্যুনাল তার আপিল আংশিক মঞ্জুর করে। রায়ে বলা হয়, তিনি চাকরিতে পুনর্বহাল হবেন এবং সব বকেয়া বেতন ভাতা পাবেন। তবে চাকরির অনুপস্থিতির সময়টি বিনা বেতনে অসাধারণ ছুটি হিসেবে গণ্য হবে। সরকারপক্ষ আপিল বিভাগে আবেদন করে।

আইনজীবী ব্যারিস্টার ওমর ফারুক জানান, হাসান রুহী ২০০৮ সালে নিয়োগ পান এবং পরে বিভিন্ন অভিযোগে চাকরি থেকে বরখাস্ত হন। প্রশাসনিক ট্রাইব্যুনালে মামলার পর তার বিপক্ষে রায় আসে, কিন্তু আপিলের পর ট্রাইব্যুনাল তার পক্ষে রায় দেয়। আদালত শুনানি শেষে তার বিরুদ্ধে অভিযোগের কোনো যথাযথ প্রমাণ না পাওয়ায় রায় দিয়েছেন।

এগ্রিবার্তা ডেস্ক

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।