মাশরুমের জনপ্রিয়তা বাড়ানোর আহ্বান জানালেন সচিব
কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান বলেছেন, মাশরুম একটি অত্যন্ত স্বাস্থ্যকর খাবার এবং এর জনপ্রিয়তা বৃদ্ধি করা প্রয়োজন। তিনি বুধবার (২০ নভেম্বর) রাজধানীর ফার্মগেটের বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) অডিটরিয়ামে অনুষ্ঠিত এক সেমিনারে এই মন্তব্য করেন। সেমিনারটি মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন ও দারিদ্র্য হ্রাসের প্রকল্পের আওতায় আয়োজন করা হয়, যেখানে দেশের বিভিন্ন অঞ্চলের মাশরুম চাষিরা অংশগ্রহণ করেন।
ড. এমদাদ উল্লাহ বলেন, মাশরুম চাষ দীর্ঘদিন ধরে চলছে, তবে এর সঙ্গে কিছু চ্যালেঞ্জ রয়েছে। তিনি আশা প্রকাশ করেন যে, যদি মাশরুমের প্রচার বাড়ানো যায়, তবে এর সম্ভাবনা বৃদ্ধি পাবে।
তিনি কৃষিকে কর্মসংস্থানের কেন্দ্র হিসেবে গড়ে তোলার প্রয়োজনীয়তা তুলে ধরেন এবং বলেন, কর্মসংস্থান হাব তৈরি করতে পারলে বেকারত্ব দূর হবে। এছাড়া, তিনি মাঠে সর্বোচ্চ উৎপাদন নিশ্চিত করতে ১০ ধরনের ধানের তালিকা প্রস্তুত করার আহ্বান জানান।
অনুষ্ঠানে মাশরুম প্রকল্প সম্পর্কে উপস্থাপনা করেন প্রকল্প পরিচালক ড. মোছা. আখতার জাহান কাঁকন। রাঙামাটির সুমেধ চাকমা ২০২১ সাল থেকে মাশরুম চাষ করছেন এবং জানান, তাঁর অঞ্চলে প্রায় একশ জন উদ্যোক্তা এ কাজে জড়িত।
এগ্রিবার্তা ডেস্ক
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।