তুরস্ককে বাংলাদেশে কৃষিতে বিনিয়োগের আহ্বান
বাংলাদেশের কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী তুরস্ককে বাংলাদেশের কৃষি খাতে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার ঢাকা সচিবালয়ে তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এই আহ্বান জানান।
সাক্ষাৎকালে কৃষি যান্ত্রিকীকরণ, কৃষি পণ্য রপ্তানি, উন্নত জাতের তুলা চাষ ও গবেষণাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। রাষ্ট্রদূত বলেন, তুরস্ক ও বাংলাদেশের মধ্যে চমৎকার সম্পর্ক বিদ্যমান এবং তুরস্ক দেশের টেক্সটাইল যন্ত্রপাতি ও কেমিক্যালের অন্যতম সরবরাহকারী।
তিনি আরও জানান, তুরস্ক তুলা উৎপাদনে দক্ষতা অর্জন করেছে এবং বাংলাদেশের তুলা উন্নয়নে সহযোগিতা করতে প্রস্তুত। আধুনিক কৃষি ব্যবস্থার যন্ত্র নির্ভরতার দিকে ইঙ্গিত করে রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ চাইলে তারা এ বিষয়ে কাজ করতে আগ্রহী।
কৃষি উপদেষ্টা বলেন, "আমরা ইতিমধ্যে চীনসহ বিভিন্ন উৎস থেকে কৃষি যন্ত্রপাতি আমদানি করছি। তুরস্ক এ খাতে বিনিয়োগ করলে আমাদের কৃষি খাত সমৃদ্ধ হবে।" তিনি বড় বড় কোম্পানিগুলোকে দেশে বিনিয়োগের জন্য আহ্বান জানান এবং কৃষির লজিস্টিক ও প্রসেসিং খাতে বিকাশের সম্ভাবনা তুলে ধরেন।
এ সময় কৃষি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এগ্রিবার্তা ডেস্ক
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।