২৩ আগস্ট ২০২৬ · ঢাকা, বাংলাদেশ
এগ্রি বার্তা মাটির খবর, মানুষের কথা
কৃষি

সিরাজগঞ্জে ভুট্টা চাষে কৃষকদের ব্যস্ততা

এগ্রিবার্তা ডেস্ক ২৬ নভেম্বর ২০২৪ · ২ মিনিট পড়ার সময় · ১ বার পঠিত
শেয়ার করুন:
সিরাজগঞ্জে ভুট্টা চাষে কৃষকদের ব্যস্ততা

সিরাজগঞ্জে কৃষকেরা এবারও বোরো ধান কাটার পর ভুট্টা চাষে ব্যস্ত সময় পার করছেন। কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, জেলার ৯টি উপজেলায় ১৪ হাজার ১২০ হেক্টর জমিতে ভুট্টা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। চলতি মাসের প্রথম থেকে কৃষকেরা এই চাষাবাদ শুরু করেছেন। খরচ কম এবং লাভ বেশি হওয়ায় কৃষকেরা ভুট্টা চাষে ঝুঁকছেন।

এখন পর্যন্ত ৬ হাজার ৮০ হেক্টর জমিতে ভুট্টা রোপণ করা হয়েছে এবং আগামী মাসের প্রথম সপ্তাহের মধ্যে বোপণ শেষ হবে। সদর উপজেলার পাইকপাড়া গ্রামের কৃষক আব্দুল হামিদ ও নাটুয়াপাড়ার কৃষক হালিম জানিয়েছেন, তারা রোপা আমন ধান কাটার পর আবার ভুট্টা চাষ করছেন।

ভুট্টা চাষে খরচ কম এবং ফলন ভালো হওয়ায় কৃষকেরা এই চাষাবাদে আগ্রহী হচ্ছেন। ধানের তুলনায় ভুট্টার ফলন বেশি এবং বাজার মূল্যও ভালো থাকে। আবহাওয়া অনুকূলে থাকলে মাত্র ৪ মাসে ভুট্টা উত্তোলন করা সম্ভব।

কাজিপুর উপজেলা কৃষি কর্মকর্তা মো. শরিফুল ইসলাম জানান, কাজিপুর উপজেলার ১২টি ইউনিয়নে ভুট্টার চাষ শুরু হয়েছে এবং প্রায় ৯ হাজার ৩৬৯ হেক্টর জমিতে ভুট্টা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন যে, সঠিক পরিচর্যায় এ বছর কাঙ্ক্ষিত ফলনের চেয়ে বেশি ফলন হবে।

সিরাজগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক আ. জা. মু. আহসান শহীদ সরকার বলেন, কৃষকদের উৎসাহিত করতে ইতিমধ্যেই ভুট্টার বীজ ও সার বিতরণ করা হয়েছে এবং স্থানীয় কৃষি বিভাগ তাদের পরামর্শ দিচ্ছে।

এগ্রিবার্তা ডেস্ক

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।