মীরসরাইয়ে প্রাকৃতিক কৃষি কর্মশালা অনুষ্ঠিত হলো
চট্টগ্রামের মীরসরাইয়ে প্রাকৃতিক কৃষি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ নভেম্বর) উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে অবস্থিত প্রকল্প সোনাপাহাড় প্রাঙ্গণে দিনব্যাপী এই কর্মশালার আয়োজন করা হয়। এতে প্রাকৃতিক কৃষিতে আগ্রহী প্রায় অর্ধশতাধিক বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
প্রকল্প সোনাপাহাড়ের আয়োজনে কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন সমন্বয়কারী ফজলুল হক এবং প্রকল্পের কর্মকর্তা পুলক পাল। পরে ভিডিও কলে যুক্ত হয়ে অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানান উদ্যোক্তা আমজাদ হোসেন।
কর্মশালায় কৃষির ইতিহাস ও বিবর্তন নিয়ে আলোচনা করেন প্রাকৃতিক কৃষি সংগঠনের গবেষক মো. ইফতেখার আলী। এছাড়া, প্রাকৃতিক কৃষি কী, কেন প্রয়োজন এবং কিভাবে এটি সম্ভব—এ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন কৃষক সমন্বয়কারী দেলোয়ার জাহান।
আলোচনায় প্রাণবৈচিত্র্য, বাস্তুতন্ত্র, প্রাকৃতিক কৃষির মূলনীতি, বর্তমান কৃষির সংকট, মাটি ব্যবস্থাপনা, মিওয়াকি বনায়ন, প্রাকৃতিক বালাই ব্যবস্থাপনা, নিরাপদ খাদ্য উৎপাদন ও বিপণন এবং প্রাকৃতিক কৃষক সমাজ গঠনের বিষয়গুলো তুলে ধরা হয়। এছাড়া, রাসায়নিক সার ও বিষমুক্ত খাদ্য উৎপাদন এবং জনসচেতনতা বৃদ্ধির উপরও গুরুত্ব দেওয়া হয়।
অংশগ্রহণকারীদের মধ্যে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জহির উদ্দিন এবং সাংবাদিক ইকবাল হোসেন বলেন, "এই কর্মশালায় এসে আমরা অনেক কিছু শিখেছি এবং এখানে অর্জিত জ্ঞান আমাদের সচেতন করবে। আমরা একটি স্বনির্ভর প্রাকৃতিক কৃষি সমাজ গড়ে তুলতে চাই, যাতে আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ বাসযোগ্য দেশ রেখে যেতে পারি।"
এগ্রিবার্তা ডেস্ক
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।