পদোন্নতির দাবিতে মানববন্ধন করবে কৃষি ব্যাংক
বাংলাদেশ কৃষি ব্যাংকের ১০ম গ্রেডের কর্মকর্তারা পদোন্নতির দাবিতে নতুন করে আন্দোলনের ডাক দিয়েছেন। আগামী শনিবার সকালে তারা কৃষি ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করবেন। আন্দোলনরত কর্মকর্তারা এক লিখিত বার্তায় এ তথ্য জানিয়েছেন।
এর আগে, গত সেপ্টেম্বরে পদোন্নতির দাবিতে তারা কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আন্দোলন করেছিলেন। তখন ব্যাংক কর্তৃপক্ষ সাত কর্মদিবসের মধ্যে তাদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়েছিল, কিন্তু এক মাস পেরিয়ে গেলেও তা বাস্তবায়িত হয়নি।
লিখিত বার্তায় কর্মকর্তারা অভিযোগ করেন, গত ৬-৭ বছর ধরে ১০ম গ্রেডের কর্মকর্তাদের কোনো পদোন্নতি হয়নি, যদিও ৯ম ও তদূর্ধ্ব গ্রেডের কর্মকর্তারা নিয়মিত পদোন্নতি পাচ্ছেন।
কর্মকর্তারা জানান, ২৭ আগস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বরাবর পদোন্নতি ও অন্যান্য দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়েছিল। কিন্তু কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা না নেওয়ায় ১৪ সেপ্টেম্বর তারা মানববন্ধন করেন। সাবেক ব্যবস্থাপনা পরিচালক মো. শওকত আলী তিন বছর পরপর নিয়মিত পদোন্নতির আশ্বাস দিলেও নতুন ব্যবস্থাপনা পরিচালক সেই প্রতিশ্রুতি পূরণ করেননি।
অংশগ্রহণকারীরা বলেন, যদি তাদের দাবি মেনে না নেওয়া হয়, তাহলে তারা কর্মবিরতির মতো কঠোর কর্মসূচি দেবেন, যা সাধারণ ব্যাংকিং কার্যক্রমকে ব্যাহত করবে।
এগ্রিবার্তা ডেস্ক
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।