সারের সংকট নেই, জানালেন কৃষি উপদেষ্টা
কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আপাতত সারের কোনো সংকট নেই এবং বীজেরও সংকট হবে না। তিনি জানান, সারের ব্যবহার পরিমিত পরিমাণে করতে হবে।
সোমবার (২ ডিসেম্বর) কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রংপুর অঞ্চলের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “জৈব সার ব্যবহার বাড়াতে হবে। জনসংখ্যা বাড়ছে, কৃষি জমি কমছে। তারপরও ১৮ কোটি লোককে খাবার যোগান দেওয়া সম্ভব হচ্ছে। এ কৃতিত্ব কৃষক, কৃষিবিদ, গবেষক ও কৃষি সংশ্লিষ্ট সবার।”
তিনি উৎপাদন বৃদ্ধিতে কর্মকর্তাদের মনিটরিং বাড়ানোর উপর গুরুত্বারোপ করেন এবং বলেন, আসন্ন বোরো মৌসুম খুব গুরুত্বপূর্ণ। কৃষকদের জন্য আলুর চাষ বৃদ্ধির বিষয়ে তিনি বলেন, যারা আলুর বীজ না পাবেন, তারা উচ্চমূল্যের ভুট্টা ফসল আবাদ করবেন।
উপদেষ্টা আরও বলেন, কৃষিতে প্রকল্প নেয়ার ক্ষেত্রে কৃষকের লাভ এবং কৃষির উন্নতি ও ফলন বৃদ্ধির বিষয়কে প্রাধান্য দিতে হবে।
তিনি খাদ্য উৎপাদনে কৃষকের সাফল্য উল্লেখ করে বলেন, “৭ কোটির জায়গায় এখন জনসংখ্যা হয়েছে ১৮ কোটি। সেই সময়ের তুলনায় কম জমি দিয়েই আমরা খাবার যোগান দিতে সক্ষম হচ্ছি।”
এ সময় কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জাকির হোসেনসহ স্থানীয় প্রশাসন ও কৃষি বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এগ্রিবার্তা ডেস্ক
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।