২৪ আগস্ট ২০২৬ · ঢাকা, বাংলাদেশ
এগ্রি বার্তা মাটির খবর, মানুষের কথা
কৃষি

রাজারহাটে আলু বীজের তীব্র সংকট চলছে

এগ্রিবার্তা ডেস্ক ৪ ডিসেম্বর ২০২৪ · ২ মিনিট পড়ার সময় · ১ বার পঠিত
শেয়ার করুন:
রাজারহাটে আলু বীজের তীব্র সংকট চলছে

রাজারহাটে মানসম্মত আলু বীজের তীব্র সংকট দেখা দিয়েছে। সরকারিভাবে বিএডিসির মাধ্যমে বীজ সরবরাহ করা হলেও চাহিদার তুলনায় বরাদ্দ একেবারে কম হওয়ায় কৃষকরা দিশেহারা হয়ে পড়েছেন।
জানা গেছে, উপজেলার বিভিন্ন স্থানে বোরো ধান কাটা চলছে এবং অনেক কৃষক আগাম বোরো ধান কেটে আলু চাষের প্রস্তুতি নিচ্ছেন।

যারা ইতোমধ্যে জমি তৈরি করেছেন, তারা উন্নত মানের বীজ সংগ্রহ করতে তৎপর। কিন্তু বাজারে মানসম্মত আলু বীজের সংকট থাকায় তারা বিপাকে পড়েছেন।

এদিকে, বিএডিসির তালিকাভুক্ত ডিলাররা সুযোগ নিয়ে উচ্চ মূল্যে আলু বীজ বিক্রি করছেন। চলতি মৌসুমে উপজেলার ২৫ জন বিএডিসির ডিলার ৫৮ টাকা কেজি দরে ৬৪ মন আলু বীজ বরাদ্দ পেয়েছেন, কিন্তু সংকটের কারণে অধিকাংশ ডিলার প্রতি কেজি বীজ ১০০ টাকারও বেশি দামে বিক্রি করছেন।

উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী, রাজারহাট উপজেলায় ২ হাজার ৫৮৫ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে বিএডিসির বীজের উচ্চমূল্যে বিক্রি, কম বরাদ্দ এবং বাজারে মানসম্মত আলু বীজ না পাওয়ায় লক্ষ্যমাত্রা অর্জনে সংশয় দেখা দিয়েছে।

কৃষকরা জানান, বিএডিসির ডিলাররা তাদের কাছে বেশি দাম নিচ্ছেন এবং প্রয়োজনীয় বীজ সরবরাহ করতে পারছেন না। উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুন্নাহার সাথী বলেন, “বেশি মূল্যে বিক্রি করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা আল-ইমরান জানিয়েছেন, অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এগ্রিবার্তা ডেস্ক

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।