২৫ আগস্ট ২০২৬ · ঢাকা, বাংলাদেশ
এগ্রি বার্তা মাটির খবর, মানুষের কথা
কৃষি

ঢাকায় ৬ দিনব্যাপী নগর কৃষি মেলা

এগ্রিবার্তা ডেস্ক ১৪ ডিসেম্বর ২০২৪ · ৩ মিনিট পড়ার সময় · ১ বার পঠিত
শেয়ার করুন:
ঢাকায় ৬ দিনব্যাপী নগর কৃষি মেলা

নগর কৃষি ফাউন্ডেশনের উদ্যোগে রাজধানীতে শুরু হতে যাচ্ছে তৃতীয় নগর কৃষি মেলা। এবারের মেলার প্রতিপাদ্য হচ্ছে নিরাপদ খাদ্য ও পরিবেশের টেকসই উন্নয়ন, যেখানে নগর কৃষির সুরক্ষিত সম্প্রসারণের প্রয়োজনীয়তা তুলে ধরা হবে।

মেলা আগামী শনিবার (১৪ ডিসেম্বর) থেকে ঢাকার আগারগাঁওয়ের রাজধানী উচ্চ বিদ্যালয়ে শুরু হবে এবং এটি চলবে ১৯ ডিসেম্বর পর্যন্ত। এই মেলার উদ্দেশ্য হলো নগরবাসীকে নিরাপদ খাদ্যের গুরুত্ব সম্পর্কে সচেতন করা এবং কৃষি উপকরণ বিতরণ করা।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। অনুষ্ঠানে উল্লেখ করা হয়, এবারের মেলায় প্রায় ৮০টি স্টল থাকবে, যেখানে ৩০টি নার্সারি, ২০টি ব্যক্তি নগর কৃষি উদ্যোক্তা, ৩টি এনজিও, ১০টি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান এবং ৫টি ফুড কর্নারসহ সামাজিক গ্রুপ ও নগর কৃষি কর্নার থাকবে।

মেলায় বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞদের নিয়ে ১০টি সেমিনার ও ওয়ার্কশপ অনুষ্ঠিত হবে। এছাড়া, স্কুলের ছাত্রছাত্রীদের জন্য পরিবেশ, কৃষি ও প্রাণ-প্রকৃতি নিয়ে কুইজ প্রতিযোগিতা, গাছ পরিচিতি, চিত্রাঙ্কন ও প্রশিক্ষণের আয়োজন থাকবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. সাইফুল আলম এবং বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান রুহুল আমিন খান।

এগ্রিবার্তা ডেস্ক

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।