ঢাকা, ১৫ জুলাই ২০২৬, বুধবার

বাকৃবিতে ভিসিকে ক্ষমা চাইতে বললেন শিক্ষার্থীরা, ভিসি বললেন ‘কোন অন্যায় করিনি’



ক্যাম্পাস

বাকৃবি প্রতিনিধি

(১০ মাস আগে) ১ সেপ্টেম্বর ২০২৫, সোমবার, ৮:২৫ অপরাহ্ন

agribarta

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) শিক্ষার্থীদের ওপর বহিরাগতদের হামলার ও হল বন্ধের প্রতিবাদ জানিয়ে ছয়দফা ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এর মধ্যে অন্যতম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে প্রকাশ্য ক্ষমা চাওয়ার দাবি। তবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড এ কে ফজলুল হক ভূঁইয়া বলেছেন যে তিনি কোন অন্যায় করেননি।

সোমবার (১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন সংলগ্ন আমতলায় তাদের ছয়দফা দাবি ঘোষণা করে। ঘোষিত দাবিসমূহের চতুর্থ দফায় শিক্ষার্থীরা দাবি করেন, “বহিরাগত সন্ত্রাসীদের দ্বারা ককটেল বিস্ফোরণ, লাইব্রেরি ও স্থাপনা ভাঙচুর এবং দেশীয় অস্ত্র দ্বারা শিক্ষার্থীদের উপর হামলা এবং নারী শিক্ষার্থীদের হেনস্থার  ঘটনার  জন্য উপাচার্যকে  প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।”

তবে শিক্ষার্থীদের এমন দাবির প্রেক্ষিতে বাকৃবি উপাচার্য অধ্যাপক ড এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, “আমি কোন অন্যায় করিনি। আমি ক্ষমা চাইবো কেন? শিক্ষার্থীদের শতভাগ দাবি মেনে নেয়া হয়েছে।”

বহিরাগতদের হামলার বিষয়ে তিনি বলেন, শিক্ষার্থীরা যে দাবি করছে শিক্ষকেরা বহিরাগত দিয়ে তাদের ওপর হামলা করা হয়েছে, এটি সম্পূর্ণ ভুল কথা। আমরা বাইরের কাউকে বলিনি ক্যাম্পাসে আসতে, আমরা কেন বলবো? ছাত্রছাত্রীরা তো আমাদের ছেলে মেয়ের মতো। তাদের জন্যই জরুরি একাডেমিক কাউন্সিলের সভা ডেকে বিষয়টি সমাধানের ব্যবস্থা করা হয়েছে।

প্রসঙ্গত, গত রবিবার (৩১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের গৃহিত সিদ্ধান্তে সন্তুষ্ট না হয়ে দুপুর ১ টার দিকে সভাস্থলে তালা লাগিয়ে দেন বাকৃবির পশুপালন ও ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীরা। এর সাত ঘন্টা পর বহিরাগতরা এসে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা চালায় এবং শিক্ষকরা তালা ভেঙে বের হয়ে আসেন। উদ্ভুত পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে প্রশাসন।


 

ক্যাম্পাস থেকে আরও পড়ুন

সর্বশেষ