ঢাকা, ১২ এপ্রিল ২০২৬, রবিবার

সুনামগঞ্জে আগাম জাতের বোরো ধান কাটার ধুম



কৃষি

এটিএন নিউজ

(১ দিন আগে) ১০ এপ্রিল ২০২৬, শুক্রবার, ৭:৫০ অপরাহ্ন

agribarta

সুনামগঞ্জে এ বছর বোরো ধানের ফলন ভালো হয়েছে বলে জানিয়েছেন কৃষকরা। চৈত্র মাসের শেষ এবং বৈশাখের শুরুতেই জেলার হাওরাঞ্চলে আগাম জাতের বোরো ধান কাটা শুরু হয়েছে। বিশেষ করে মধ্যনগর, জামালগঞ্জ, শান্তিগঞ্জ, এবং বিশ্বম্ভরপুর উপজেলার হাওরগুলোতে চলছে ধান কাটার ধুম।

জামালগঞ্জের কৃষক আব্দুল আহাদ জানান, আগাম জাতের ব্রি-৯৬ ধানের ফলনে কৃষকরা লাভবান হয়েছেন।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, সুনামগঞ্জে এ বছর ২ লাখ ২৩ হাজার ৫১১ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে, যার উৎপাদন লক্ষ্যমাত্রা প্রায় ১৪ লাখ মেট্রিক টন। ইতোমধ্যে ব্রি-৯৬ ধানসহ অন্যান্য জাতের প্রায় ১১৪ হেক্টর ধান কাটা হয়েছে। তবে কিছু অঞ্চলে পাহাড়ি ঢল এবং ভারী বৃষ্টির কারণে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায়, কৃষকরা আধাপাকা ধানও কাটছেন।

বিশ্বম্ভরপুর উপজেলার খরচার হাওরে গিয়ে দেখা যায়, উৎসবমুখর পরিবেশে কৃষকরা ধান কাটছেন। খরচার হাওরের কৃষক গফুর মিয়া জানান, তিনি ১০ কেয়ার জমিতে ব্রি-৯৬ জাতের ধান চাষ করেছেন এবং আশা করছেন ভালো ফলন পাবেন। তিনি বলেন, এ বছর ১৮ মন ধান হবে প্রতি কেয়ারে।

জামালগঞ্জের কৃষক সাইফুল জানান, তিনি ৮০ কেয়ার জমিতে বোরো চাষ করেছেন, তবে ১৫ কেয়ার জমি জলাবদ্ধতার কারণে পানির নিচে রয়েছে। তার ধান কাটার কাজও অব্যাহত রয়েছে।

এছাড়া, সুনামগঞ্জ জেলার ধান কাটায় এখন ৫৭৭টি কম্বাইন হারভেস্টার এবং ছয় হাজারেরও বেশি শ্রমিক কাজ করছেন। কৃষি বিভাগ জানিয়েছে, জ্বালানি তেল এবং হারভেস্টারের জন্য পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে, এবং আরও ৫০টি হারভেস্টার ভাড়া আনার পরিকল্পনা রয়েছে।

এদিকে, অতিরিক্ত বৃষ্টির কারণে কিছু এলাকায় পানি প্রবেশ করেছে, যা পাকা ধান কাটার জন্য বড় হুমকি। তবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তাদের উপযুক্ত সময়ে ধান কাটার পরামর্শ দিচ্ছে এবং জলাবদ্ধতার কারণে ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রণোদনা দেওয়ার জন্য কর্তৃপক্ষকে চিঠি পাঠানো হয়েছে।

এ বছরের ধান চাষে সুনামগঞ্জের কৃষকরা আশাবাদী, এবং আবহাওয়া অনুকূলে থাকলে তারা ভালো ফলন পেয়ে লাভবান হবেন বলে আশা করছেন।