রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা-যমুনার মোহনায় ৪২ কেজি ২০০ গ্রাম ওজনের দুটি কাতলা মাছ ধরা পড়েছে। বিক্রি হয়েছে ৮৬ হাজার ৭০০ টাকায়।
গতকাল সকালে জেলে জামাল প্রামাণিক ও বাবু সরদারের জালে মাছ দুটি ধরা পড়ে। নিলামে ব্যবসায়ী মো. চান্দু মোল্লা মাছ দুটি কিনে নেন। শনিবার ভোরে জামাল প্রামাণিক তার সহযোগীদের নিয়ে দৌলতদিয়া ৬ নম্বর ফেরিঘাটের উজানে পদ্মা-যমুনার মোহনায় জাল ফেলেন। সকাল সাড়ে ৬টার দিকে তাদের জালে বিশাল আকৃতির কাতলা মাছ ধরা পড়ে। দৌলতদিয়া মৎস্য আড়তে মাছের ওজন দিলে দেখা যায়, মাছটির ওজন ২৫ কেজি ৫০০ গ্রাম। উন্মুক্ত নিলাম হয়। ২ হাজার ১০০ টাকা কেজি দরে ৫৩ হাজার ৫৫০ টাকায় ব্যবসায়ী চান্দু মোল্লা মাছটি কিনে নেন। একই দিন সকালে একই এলাকায় জেলে বাবু সরদারের জালে ১৭ কেজি ওজনের আরও একটি কাতলা মাছ ধরা পড়ে। এই মাছটিও ১ হাজার ৭০০ টাকা কেজি দরে ২৮ হাজার ৯০০ টাকা দিয়ে ব্যবসায়ী মো. চান্দু মোল্লা কিনে নেন। দৌলতদিয়া চাঁদনি অ্যান্ড মৎস্য আড়তের মালিক মো. চান্দু মোল্লা বলেন, পদ্মা নদীর কাতলা মাছে ব্যাপক চাহিদা রয়েছে। আলাদা নিলামে মাছ দুটি ক্রয় করি। পরে মোবাইলে যোগাযোগ করে ঢাকায় এক শিল্পপতির কাছে ৮৬ হাজার ৭০০ টাকায় মাছ দুটি বিক্রি করেছি।
