ঢাকা, ২৯ এপ্রিল ২০২৬, বুধবার

অতিবৃষ্টি, তলিয়ে যাচ্ছে বোরো ধান



কৃষি

এগ্রিবার্তা ডেস্ক

(১৫ ঘন্টা আগে) ২৮ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, ১০:৫১ অপরাহ্ন

তিন দিনের ভারী বর্ষণে কিশোরগঞ্জের জেলার হাওরের নিম্নাঞ্চলে পানি জমেছে। মঙ্গলবার সকাল থেকেই টানা বৃষ্টিতে এই পরিস্থিতির আরও অবনতি হয়। ধানের জমি, ধান শুকানোর খলাতেও পানি জমে যাওয়ায় ফসল মাড়াই ও সংরক্ষণে চরম ভোগান্তিতে পড়েছেন চাষিরা।
টানা বৃষ্টিতে জেলার হাওর এলাকার নিম্নাঞ্চলের বোরো ধান পানিতে তলিয়ে যাচ্ছে। অনেক জায়গায় পানি নামেনি, বরং কোথাও কোথাও তা আরও বাড়ছে। বিশেষ করে জেলার অষ্টগ্রাম উপজেলার খয়েরপুর-আব্দুল্লাহপুর ইউনিয়নে নদীর পানি ঢুকে তলিয়ে যাচ্ছে পাকা ধানখেত। অষ্টগ্রাম উপজেলায় ক্ষয়ক্ষতির পরিমাণ সবচেয়ে বেশি এমনটা ধারণা করা হচ্ছে।
ইটনা, মিঠামইন, নিকলী, তাড়াইল, করিমগঞ্জ ও বাজিতপুরের হাওর এলাকাতেও জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। 
অষ্টগ্রামের খয়েরপুর-আব্দুল্লাহপুর এলাকার কৃষক ফুল মিয়া আক্ষেপ করে গণমাধ্যমকে বলেন, 'অতিবৃষ্টিতে আমাদের এলাকার শত শত একর ধান পানিতে তলিয়ে যাচ্ছে। অনেক জমিতে পানি বেড়ে যাওয়ায় মেশিন দিয়ে ধান কাটা যাচ্ছে না। 
নিকলী আবহাওয়া অফিসের সিনিয়র অবজারভার আক্তার ফারুক জানান, মঙ্গলবার  সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৯০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর আগের দিন সোমবার ২৪ ঘণ্টায় ২০ মিলিমিটার বৃষ্টি হয়েছিল। 
জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে কিশোরগঞ্জের ১৩ উপজেলায় ১ লাখ ৬৮ হাজার ২৬২ হেক্টর জমিতে বোরো ধান চাষ হয়েছে। এর মধ্যে হাওরাঞ্চলে আবাদ হয়েছে ১ লাখ ৪ হাজার ৫৮১ হেক্টর জমিতে। এ বছর জেলায় চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭ লাখ ৯৬ হাজার ৬৮৬ টন; যার বড় অংশই আসার কথা হাওরাঞ্চল থেকে।
সময় টিভির সংবাদে আরো বলা হয়, কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক ড. সাদিকুর রহমান জানান, এ পর্যন্ত হাওরাঞ্চলে প্রায় ৫০ শতাংশ ধান কাটা সম্পন্ন হয়েছে। তিনি বলেন, অষ্টগ্রামের খয়েরপুর-আব্দুল্লাহপুর এলাকায় নদীর পানি ঢুকে পাকা ধানখেত তলিয়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে উপজেলা কৃষি কর্মকর্তাদের মাঠপর্যায়ে কাজ করার নির্দেশ দেয়া হয়েছে। 
কিশোরগঞ্জ জেলা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মো. সাজ্জাদ হোসেন জানান, আগামী তিন দিন অতিবৃষ্টি হতে পারে। সেক্ষেত্রে জেলার প্রধান প্রধান নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমা অতিক্রম করতে পারে এবং আগাম বন্যা দেখা দিতে পারে।