মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় ব্যাপক ক্ষতির মুখে পড়েছে বোরো ধান চাষি কৃষকরা। টানা বৃষ্টি ও জলাবদ্ধতায় হাইল হাওরসহ বিভিন্ন নিম্নাঞ্চলে তলিয়ে অন্তত ২৬৫ হেক্টর জমির পাকা ধান সম্পূর্ণ নষ্ট হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রস্তুতের কাজ শুরু করেছে কৃষি বিভাগ।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলায় ১১ হাজার ৪১২ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ করা হয়। কয়েক দিনের টানা বর্ষণে প্রায় ২৮৭ হেক্টর জমির পাকা ও আধাপাকা ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ২৬৫ হেক্টরের ধান সম্পূর্ণ এবং আরও ৩২ হেক্টর আংশিক ক্ষতির মুখে পড়েছে।
সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে ভূনবীর, শ্রীমঙ্গল সদর, কালাপুর ও মির্জাপুর ইউনিয়নের হাইল হাওর এলাকায়। অনেক কৃষক ধান কাটার প্রস্তুতি নিলেও হঠাৎ বৃষ্টিতে জমিতে পানি জমে যাওয়ায় ফসল রক্ষা করতে পারেননি।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলাউদ্দিন জানান, প্রতিকূল আবহাওয়ার মধ্যেও কৃষকরা দ্রুত ধান কাটার চেষ্টা করছেন এবং এ পর্যন্ত প্রায় ৮৫ শতাংশ বোরো ধান কাটা সম্পন্ন হয়েছে।
