ঢাকা, ২৪ জুন ২০২৬, বুধবার

বেলকুচিতে ব্রোকলি চাষে সাফল্য



ক্যারিয়ার

এগ্রিবার্তা ডেস্ক

(১ বছর আগে) ৩০ জানুয়ারি ২০২৫, বৃহস্পতিবার, ৯:২০ পূর্বাহ্ন

agribarta

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার দৌলতপুর ইউনিয়নের ধুরগাগরাখালি গ্রামে এখন চাষ হচ্ছে উন্নত জাতের ব্রোকলি। এই চাষে সফল কৃষক খাইরুল ইসলাম, যিনি বেলকুচি উপজেলা কৃষি অফিস থেকে বীজ সংগ্রহ করে এবং কৃষি কর্মকর্তার পরামর্শে প্রায় ৩৫ শতক জমিতে ব্রোকলি চাষ করেছেন। তিনি আশা করছেন, ভালো আবহাওয়ার কারণে এই মৌসুমে চাষে কম খরচ এবং ভালো ফলনের মাধ্যমে বেশ লাভবান হবেন।

বর্তমানে, তার সফল চাষ দেখে অনেক কৃষক ব্রোকলি চাষে আগ্রহী হয়ে উঠেছে। খাইরুল ইসলাম জানালেন, ৩৫ শতক জমিতে ব্রোকলি চাষে প্রায় ২০ হাজার টাকা খরচ হয়েছে, এবং তিনি কোনো প্রকার কীটনাশক বা বালাইনাশক ব্যবহার করেননি। প্রাথমিক প্রস্তুতির জন্য ভার্মিক কম্পোজ সার প্রয়োগের পর, বাম্পার ফলন হওয়ায় তিনি বাজারে ১ লাখ থেকে ১ লাখ ২০ হাজার টাকার ব্রোকলি বিক্রি করার আশা করছেন।

এটি শীতকালীন সবজি, যা ফুলকপির মতো দেখতে এবং গাঢ় সবুজ রঙের হয়। ব্রোকলি এখন বেলকুচি উপজেলায় নতুন হলেও, ধীরে ধীরে এটি পরিচিত হয়ে উঠছে। এই সবজির মধ্যে রয়েছে প্রচুর ভিটামিন, খনিজ ও অ্যান্টিঅক্সিডেন্ট, যা শরীরের জন্য অত্যন্ত উপকারী।

বেলকুচি উপজেলা কৃষি অফিসের উপ-সহকারী কৃষি কর্মকর্তা কামরুল হাসান জানান, খাইরুল ইসলাম ব্রোকলি চাষের শুরুতে আমাদের পরামর্শ নিয়েছিলেন এবং বর্তমানে তিনি সল্প খরচে ভালো ফলন পেয়েছেন। খরচ বাদে প্রায় ৬০ থেকে ৭০ হাজার টাকা লাভ হবে।

উপজেলা কৃষি অফিসার সুকান্ত ধর বলেন, খাইরুল ইসলামের সফলতা দেখে অন্যান্য কৃষকরাও ব্রোকলি চাষে আগ্রহী হয়ে উঠেছে। কৃষি উন্নয়নের মাধ্যমে বেলকুচি উপজেলায় পুষ্টি এবং খাদ্য নিরাপত্তা আরও শক্তিশালী হবে। ব্রোকলি খেতে হলে সতেজ, শক্ত কুঁড়ি এবং গাঢ় সবুজ রঙের চয়ন করতে হবে, যা শরীরের জন্য উপকারী।