ঢাকা, ৩ ফেব্রুয়ারি ২০২৬, মঙ্গলবার

বাকৃবিতে গণভোট বিষয়ক সভা

রাষ্ট্রের মূল ব্যাধিটাই সংবিধানের ভেতরে: মনির হায়দার



ক্যাম্পাস

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি, বাকৃবি

(২ দিন আগে) ৩১ জানুয়ারি ২০২৬, শনিবার, ৮:৩৩ অপরাহ্ন

agribarta

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী ও ও জাতীয় ঐকমত্য কমিশনের সহযোগী মনির হায়দার বলেন, প্রফেসর ড. মুহাম্মদ ইউনুসের সরকার রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে একটি পরিকল্পনা হাতে নেন। এ সময় বেশ কয়েকটি সংস্কার কমিশন গঠন করা হয়। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কমিশন ছিল সংবিধান সংস্কার কমিশন। কারণ রাষ্ট্রের মূল ব্যাধিটাই সংবিধানের ভেতরে। সুতরাং এই সংবিধান সংস্কার না করা পর্যন্ত যতই আমরা আন্দোলন করতে থাকি কোন লাভ হবে না।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) গণভোট বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি এবং এ সংক্রান্ত প্রচার-প্রচারণা জোরদারের লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় তিনি একথা বলেন। শনিবার (৩১ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন ভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

তিনি আরও বলেন, সবগুলো কমিশন থেকে প্রায় এক হাজারের মতো সুপারিশ এসেছিল যার মধ্য থেকে জাতীয় ঐক্যমত্য কমিশনের মাধ্যমে সবচেয়ে গুরুত্বপূর্ণ ৮৪ টি সুপারিশ নিয়ে তৈরি করা হয়েছে জুলাই জাতীয় সনদ ২০২৫। জুলাই সনদ বাস্তবায়ন করার প্রথম পদক্ষেপ হবে একটা গণভোট করা।

এখানে আপনি যদি জুলাই অভ্যুত্থানের পক্ষে হয়ে থাকেন তাহলে হ্যাঁ, বিপক্ষে হলে না। কারণ এর প্রত্যেকটি সুপারিশ জুলাই অভ্যুত্থানকে পূর্ণতা দেওয়ার জন্য দেওয়ার জন্য। আপনি যদি এতে না করেন তাহলে জুলাই অভ্যুত্থান ব্যর্থ। আমরা যদি শহীদদের জীবনের বিনিময়ে কিছু দিতে চাই, আমাদের সামনে আর কোন অপশন নেই; এতে নিরপেক্ষও থাকা যাবে না, না ও করা যাবে না।

বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়ার পৃষ্ঠপোষকতায় মতবিনিময় সভায় আরও  উপস্থিত ছিলেন জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রোকনুজ্জামান, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম, ব্রহ্মপুত্র ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য আব্দুর রহমান সরকার, বাকৃবি রেজিস্ট্রার ড. মো. হেলাল উদ্দীনসহ  বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য (ইউজিসি) অধ্যাপক ড. মাসুমা হাবিব।

উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, হ্যাঁ ভোটের পক্ষে মত দিলে রাষ্ট্রে প্রকৃত জবাবদিহিতা প্রতিষ্ঠিত হবে এবং পরিপূর্ণ সংস্কারের পথ সুগম হবে। জুলাই সনদে রাষ্ট্র কাঠামো সংশোধনের মতো গুরুত্বপূর্ণ বিষয়বস্তু সংযুক্ত রয়েছে। ফলে এই সনদকে সমর্থন করতে হলে আমাদের হ্যাঁ ভোট দিতেই হবে। বিপরীতে, না ভোট দিলে এসব সংস্কারের কোনো সম্ভাবনাই বাস্তবায়িত হবে না। সুস্থ মস্তিষ্কে, গভীরভাবে চিন্তা করেই জনগণকে রায় দিতে হবে। গণভোটের এই গুরুত্বপূর্ণ বিষয়টি বিস্তৃতভাবে প্রচারের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক এ আয়োজন করা হয়েছে। দেশের বিশ্ববিদ্যালয় পর্যায়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ই প্রথম এ ধরনের উদ্যোগ গ্রহণ করেছে। আগামী ১২ ফেব্রুয়ারি পরিবর্তনের পতাকা হাতে নিয়ে আমরা এমন একটি বাংলাদেশের পক্ষে দাঁড়াবো—যে বাংলাদেশ হবে দীর্ঘমেয়াদে সুখী, সমৃদ্ধ ও সত্যিকার অর্থে স্বাধীন।

ক্যাম্পাস থেকে আরও পড়ুন

সর্বশেষ