চলতি মৌসুমে জেলার তিনটি উপজেলায় শীতকালীন সবজির ব্যাপক উৎপাদনের আশা করছেন কৃষক ও কৃষিবিদরা।
নড়াইল জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) উপ-পরিচালক মুহাম্মদ আরিফুর রহমান জানান, অনুকূল জলবায়ু, প্রয়োজনীয় সার ও কীটনাশকের পর্যাপ্ত সরবরাহ থাকায় শীতকালীন সবজির ব্যাপক উৎপাদনের সম্ভাবনা তৈরি হয়েছে।
তিনি জানান, সদর, লোহাগড়া এবং কালিয়া উপজেলায় শীতকালীন সবজির চাষ সম্পূর্ণ সফল করার জন্য বাংলাদেশ কৃষি ব্যাংক, অন্যান্য সরকারি ও বেসরকারি ব্যাংক পর্যাপ্ত কৃষি ঋণ বিতরণ করেছে। শীতকালীন সবজির চাহিদা মেটাতে, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকদের চাষযোগ্য জমিতে সবজি চাষে প্রণোদনা ও সহায়তা প্রদান করছে। মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তারা কৃষকদের কম জমিতে বেশি সবজি উৎপাদনের পরামর্শ দিচ্ছেন। আমরা আশা করছি, এই মৌসুমে জেলায় শীতকালীন সবজির বাম্পার ফলন হবে।
ডিএই অফিস সূত্রে জানা গেছে, এই কর্মসূচির আওতায় জেলার ৩ হাজার ১৪০ হেক্টর জমি থেকে ৭৪ হাজার ৭৩ টন শীতকালীন সবজি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। জেলার সদর উপজেলায় ১ হাজার ২৮৫ হেক্টর, লোহাগড়া উপজেলায় ৬৯৫ হেক্টর এবং কালিয়া উপজেলায় ১ হাজার ১৬০ হেক্টর জমিতে শীতকালীন সবজি চাষ করা হয়েছে।
নড়াইল ডিএইর উপ-সহকারী কৃষি কর্মকর্তা নিপু মজুমদার বলেন, জেলার কৃষিজমি সবজি চাষের জন্য উপযুক্ত হওয়ায় কৃষকরা বেগুন, ফুলকপি, লাউ, শিম, টমেটো, বাঁধাকপি, মূলা, ব্রকলি, শসা, কুমড়া, লাল ও সবুজ শাক, মিষ্টি কুমড়া ইত্যাদি শীতকালীন সবজি চাষে আগ্রহ দেখাচ্ছেন। উৎপাদিত এসব সবজি স্থানীয় বাজারে বিক্রি করে তারা সহজেই বেশি নগদ অর্থ উপার্জন করতে পারেন।
