www.agribarta.com:: কৃষকের চোখে বাংলাদেশ
শিরোনাম:

বগুড়ায় দুই হাজার টন ধান জব্দ


 এগ্রিবার্তা ডেস্ক    ২৮ ডিসেম্বর ২০২২, বুধবার, ৯:২৮   কৃষি অর্থনীতি  বিভাগ


বগুড়া সদর উপজেলার মানিচক এলাকায় মেঘনা গ্রুপের নির্মাণাধীন রাইস মিল থেকে প্রায় দুই হাজার টন ধান জব্দ করা হয়েছে। গতকাল সকালে বগুড়া সদর উপজেলা খাদ্য বিভাগ অভিযান চালিয়ে বৈধ কাগজপত্র না থাকায় অবৈধ মজুদের অভিযোগে এ ধান জব্দ করে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বগুড়া সদর উপজেলার মানিচক এলাকায় মেঘনা গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান তানভীর ফুড লিমিটেডের একটি অটো রাইস মিল নির্মাণাধীন রয়েছে। এ মিলে বৃহস্পতিবার রাতে একাধিক ট্রাকে ধান মজুদ শুরু হয়েছে। এমন সংবাদ পেয়ে বগুড়া উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মনিরুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে ৩৪ ট্রাকে প্রায় ৬৫০ টন এবং মিল চত্বরে আরো ১ হাজার ৪৫০ টন ধান পাওয়া যায়। বিপুল পরিমাণ ধান মজুদ এবং মিল চালুর লাইসেন্স বৈধ ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ধান অবৈধ বলে উল্লেখ করা হয়। পরে ওই ধান জব্দ করা হয়।

তানভীর ফুড লিমিটেডের সিনিয়র ডিজিএম প্রকৌশলী কেতাউর রহমান বলেন, আগামী ১ জানুয়ারি থেকে মিলে পরীক্ষামূলক ধান ভাঙানো শুরু হবে। মিলে প্রতি ঘণ্টায় ৪০ টন ধান প্রয়োজন। সে কারণে ১ হাজার ৪০০ টন ধান ট্রাকে করে নিয়ে আসা হয়েছে। এ ধান দিয়ে অটো রাইস মিলের পরীক্ষা করা হতো। তিনি বলেন, এ সপ্তাহের মধ্যেই সব ধরনের লাইসেন্স পেয়ে যাব। এজন্য সব ধরণের ব্যবস্থা করা হয়েছে।

বগুড়া সদর উপজেলা খাদ্য কর্মকর্তা মনিরুল ইসলাম জানান, অবৈধভাবে ধান মজুদ করা হয়েছে—এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ধান মজুদ, মিল চালু, পাইকারি বা খুচরা এমনকি আমদানিকারকের কোনো লাইসেন্স ও বৈধ কাগজ পাওয়া যায়নি। এ ধানগুলোকে অবৈধ হিসেবে বিবেচনা করে জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বগুড়া জেলা খাদ্য নিয়ন্ত্রক কাজী সাইফুদ্দিন জানান, বৈধ কাগজপত্র না থাকায় ধানগুলো জব্দ করা হয়েছে। এখন নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।




  এ বিভাগের অন্যান্য