
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে ফিচার প্রদর্শনীর আয়োজন করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (বাকৃবিসাস)। সোমবার (১৬ মার্চ) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির কার্যালয়ের সামনে এ ফিচার প্রদর্শনীর উদ্বোধন করেন বাকৃবি উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. জসিমউদ্দিন খান।
ফিচার প্রদর্শনীতে দেশের বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় কর্মরত বাকৃবি সাংবাদিকদের সংবাদ ও ফিচার তুলে ধরা হয়। এ প্রদর্শনীর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা, সাফল্য, সৌন্দর্য ও সম্ভাবনার খবর তুলে ধরা হয়েছে। প্রদর্শনীটি সকলের জন্য উন্মুক্ত।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. ছোলায়মান আলী ফকির, সহযোগী ছাত্র বিষয়ক উপদেষ্টা ড. মো. আজহারুল ইসলাম এবং বাকৃবি সাংবাদিক সমিতির সদস্যবৃন্দ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপ-উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও সাফল্যের খবর পত্রপত্রিকায় তুলে ধরতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকরা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মুজিববর্ষ উপলক্ষে এ ধরনের ভিন্ন আয়োজন সত্যিকার অর্থেই প্রশংসার দাবিদার।