www.agribarta.com:: কৃষকের চোখে বাংলাদেশ
শিরোনাম:

২৪ ঘন্টা ভেটেরিনারি সেবা দরকার: স্ট্যান্ড ফর এনিম্যালস


 মোঃ ইব্রাহীম খলিলঃ    ৬ মে ২০২০, বুধবার, ৯:৪৩   কৃষি প্রতিষ্ঠান বিভাগ


করোনা ভাইরাসে সৃষ্ট দেশের এই মহামারী পরিস্থিতিতে সকলে যেমন মানুষের দুঃখ-দুর্দশা সম্পর্কে অবহিত হচ্ছে, এর পাশাপাশি রাস্তার কুকুর বিড়ালদের প্রতিও মনুষ্যত্ব জাগ্রত করা একান্ত জরুরী, আমাদের পরিবেশের সব কিছুকে নিয়েই আমাদের বেঁচে থাকতে হবে। এসকল অবলা অবহেলিত কুকুর-বিড়ালের কল্যাণের জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছে স্ট্যান্ড ফর এনিমেলস নামের সংগঠন।

দেশের প্রতিটি শহরে যখন রেস্তোরাঁগুলো বন্ধ, তখন অবহেলিত এই প্রাণীদেরকে নিয়মিতভাবে স্বল্প পরিসরে খাবার পৌঁছে দিচ্ছে এই সংগঠনের সদস্যবৃন্দ। খাবারের পাশাপাশি নিয়মিত ভাবে চিকিৎসা সেবা প্রদানে হাসপাতালে নিয়ে যাওয়ার কাজগুলো ও করছে সংগঠনের সদস্যরা। বুদ্ধ পূর্ণিমার সরকারী ছুটির দিনে বরিশাল নগরীর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে দেখা যায়, সংগঠনের একদল স্বেচ্ছাসেবী রাস্তার এক ক্ষতবিক্ষত কুকুরছানাকে নিয়ে হাজির। এ সময় উপস্থিত ছিলেন অত্র দপ্তরের ভেটেরীনারি সার্জন ডাক্তার মোঃ ইব্রাহিম খলিল। পশুটিকে সুস্থ করার আপ্রাণ প্রচেষ্টা লক্ষ্য করা গেছে সকলের মধ্যে।

স্বেচ্ছাসেবী সংগঠনটির রেস্কিউ টিম প্রধান জনাব সৈয়দ রিমেল বলেন," আমরা সমাজের যেমন সদস্য,পশুপাখি ও সমাজের অংশ। তাদের খাবার ও সেবা-শুশ্রূষা দেওয়া মানুষ হিসেবে আমাদের দায়িত্ব ও কর্তব্য। এই প্রেক্ষিতে প্রাণীটিকে সেবা দেওয়ার জন্য হাসপাতালে উপস্থিত হয়েছি।"

সংগঠনটির সাধারণ সম্পাদকের সাথে ফোনে যোগাযোগ করলে তিনি জানান, "বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের ছাত্র-ছাত্রী দের সমন্বয়ে গঠিত এই সংগঠনটি দীর্ঘ প্রায় দুই বছর ধরে বরিশাল নগরীসহ আশেপাশে সেবা দিয়ে আসছে, এই হাসপাতলে একজন মাত্র চিকিৎসক থাকায় সব সময় তার কাছ থেকে সেবা পাওয়া সম্ভব হচ্ছে না। তাছাড়া অফিস সময়ের পরেও প্রাণী সেবা নিশ্চিত করা জরুরি। এরই প্রেক্ষিতে আমরা সরকারের কাছে আকুল আবেদন জানাই, যাতে করে ভেটেরিনারি সেবাকে জরুরি সেবার অন্তর্ভুক্ত করে ২৪ ঘন্টা সেবার নিশ্চয়তা প্রদান করে এবং হাসপাতালে একাধিক ডাক্তারের অবস্থান নিশ্চিত করা সম্ভব হয়।"




  এ বিভাগের অন্যান্য