
পুঁজিবাজারে তালিকাভুক্ত বিবিধ খাতের কোম্পানি আমান ফিড লিমিটেডের জমি ও কারখানা বিক্রির জন্য নিলাম চলছে। প্রায় আড়াইশ কোটি টাকার খেলাপি ঋণ আদায় করতে না পেরে অর্থঋণ আদালত আইনের আওতায় এই নিলাম আহ্বান করেছে ঋণদাতা প্রতিষ্ঠান এবি ব্যাংক লিমিটেড।
বুধবার (২ আগস্ট) বিকাল ৪টা পর্যন্ত আগ্রহী ক্রেতাদের কাছ থেকে দরপত্র গ্রহণ করা হবে। একইদিনবিকাল ৫টায় প্রাপ্ত সব দরপত্র খুলে সর্বোচ্চ দরদাতার কাছে আলোচিত সম্পত্তি বিক্রি করা হবে। তবে প্রত্যাশার তুলনায় প্রস্তাবিত দাম কম হলে এই নিলাম বাতিল করে নতুনভাবে নিলাম আহ্বান করবে ব্যাংক কর্তৃপক্ষ।
এর আগে গত ৭ আগস্ট এবি ব্যাংক লিমিটেড আমান ফিডের জমি নিলামে তোলার বিষয়ে সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশ করে। ওই বিজ্ঞপ্তি অনুসারে, আমান ফিডের কাছে চলতি বছরের ৩১ জুলাই পর্যন্ত ঋণ ও সুদসহ মোট ২৬৮ কোটি ৪০ লাখ টাকা পাওনা এবি ব্যাংকের। ব্যাংক কর্তৃপক্ষ বলছে, কোম্পানিটির সিরাজগঞ্জে কারখানা, জমি ও গাজীপুরের জমির মূল্যমান আসে ৭০ কোটি টাকা।
ব্যাংক কর্তৃপক্ষ বলছে, আমান ফিড মূলত ক্যাপিটাল মেশিনারিজ ও কাঁচামাল ক্রয়ের উদ্দেশ্যে ২০০৬ সালে ব্যাংক থেকে ঋণ নেয়। একই বছর দেশের কৃষি ও ডেইরি খাতের জন্য পোল্ট্রি, মাছ, চিংড়ি, গোখাদ্যসহ বিভিন্ন খাবারের বাণিজ্যিক উৎপাদন শুরু করে আমান ফিড। কিন্তু পরবর্তীতে ব্যাংকের টাকা পরিশোধ করতে পারেনি কোম্পানিটি। তাই শেষ পর্যন্ত এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে ব্যাংক।