
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) আগামী ১৪-২০ নভেম্বর ২০১৯,সাত দিনব্যাপী পিকেএসএফ উন্নয়ন মেলা ২০১৯ আয়োজন করতে যাচ্ছে। পিকেএসএফ-এর বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণকারীদের উৎপাদিত পণ্য প্রদর্শনী ও বাজার সম্প্রসারণের লক্ষ্যে ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মেলাটি অনুষ্ঠিত হবে। এই উপলক্ষে আজ ১১ নভেম্বর ২০১৯ জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে পিকেএসএফ-এর চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জমান আহমদ, ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ বক্তব্য রাখেন। এছাড়াও উপস্থিত ছিলেন পিকেএসএফ-এর ড. মোঃ জসীম উদ্দিন, উপ-ব্যবস্থাপনা পরিচালক, জনাব গোলাম তৌহিদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং প্রফেসর শফি আহমেদ, সিনিয়র এডিটোরিয়াল এ্যাডভাইজার।
আগামী ১৪ নভেম্বর ২০১৯ তারিখে এই মেলা উদ্বোধন করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাননীয় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, এফসিএ, এমপি। উদ্বোধনী অধিবেশনে দারিদ্র্য বিমোচন, টেকসই উন্নয়ন ও মানব মর্যাদা প্রতিষ্ঠায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ একজন বিশিষ্ট ব্যক্তিকে আজীবন সম্মাননা প্রদান করবে পিকেএসএফ।
দেশের প্রত্যন্ত অঞ্চল হতে পিকেএসএফ-এর সহযোগী সংস্থা, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, গবেষণা ও তথ্য প্রযুক্তি এবং সেবামূলক প্রতিষ্ঠানসহ মোট ১৩০টি প্রতিষ্ঠানের ১৯০টি স্টল এ মেলায় স্থান পাবে। নিত্যব্যবহার্য পণ্য থেকে শুরু করে প্রান্তিক ক্ষুদ্র উৎপাদকদের উৎপাদিত বিষমুক্ত কৃষিপণ্য, খাদ্যদ্রব্যসহ বিভিন্ন অঞ্চলের ঐতিহ্যবাহী, প্রসিদ্ধ ও সমাদৃত হাজারো পণ্যের সমাহার নিয়ে বসছে এই মেলা। পাশাপাশি, পাঁচটি সেমিনারের আয়োজন করা হয়েছে। এসব সেমিনারে বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, সাংসদ, সচিব, নীতিনির্ধারক, প্রথিতযশা অর্থনীতিবিদ, উন্নয়নকর্মী, সমাজকর্মী, গবেষক, শিক্ষাবিদ ও সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করবেন।
এছাড়া প্রতি সন্ধ্যায় থাকবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রতিদিন সকাল ১০.০০টা হতে রাত ৮.৩০ পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে এই মহাআয়োজন।