www.agribarta.com:: কৃষকের চোখে বাংলাদেশ
শিরোনাম:

সচিবালয়ে কৃষিমন্ত্রী

চাষের আওতায় আসবে চিনিকলের পতিত জমি


 এগ্রিবার্তা ডেস্ক    ১ নভেম্বর ২০২২, মঙ্গলবার, ৯:৪৫   সমকালীন কৃষি  বিভাগ


চিনিকলসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের পতিত জমিকে চাষের আওতায় আনতে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক। আজ রোববার সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভায় মন্ত্রী এ সব কথা বলেন।

তিনি বলেন, চিনিকলের অনেক পতিত জমি আছে। সেগুলো চাষের আওতায় আনতে হবে। এ ছাড়া সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের জমি কোথায় কোথায় পতিত আছে, তা খুঁজে বের করে চাষের আওতায় আনতে হবে।

সভা সঞ্চালনা করেন কৃষিসচিব মো. সায়েদুল ইসলাম। এ সময় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংস্থাপ্রধানসহ প্রকল্প পরিচালকরা উপস্থিত ছিলেন।

আব্দুর রাজ্জাক বলেন, প্রতিবছর জনসংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে খাদ্যের চাহিদাও বাড়ছে। কাজেই যে কোন মূল্যে খাদ্য উৎপাদন আরো বাড়াতে হবে। উৎপাদন বাড়ানোর জন্য যেটুকু সুযোগ আছে, তার সবটুকু আমরা কাজে লাগাতে চাই। সে জন্য মাঠ পর্যায়ের কর্মকর্তাদের আরো তৎপর ও সক্রিয় হতে হবে। কীভাবে উৎপাদন আরো বাড়ান যায় তা খুঁজে বের করতে হবে।

সভায় জানানো হয়, চলমান ২০২২-২৩ অর্থবছরের এডিপিতে কৃষি মন্ত্রণালয়ের আওতায় ৭২টি প্রকল্পের অনুকূলে মোট চার হাজার ১৩৮ কোটি টাকা বরাদ্দ আছে। এ বছর সবচেয়ে বেশি বরাদ্দ আছে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পে, যার পরিমাণ ৬৬০ কোটি টাকা।




  এ বিভাগের অন্যান্য