www.agribarta.com:: কৃষকের চোখে বাংলাদেশ
শিরোনাম:

জাতীয় বীজ বোর্ডের অনুমোদন

ব্রি হাইব্রিড ৮ ধানে ফলন মিলবে হেক্টরপ্রতি ১১ টন


 এগ্রিবার্তা ডেস্ক    ২৭ ডিসেম্বর ২০২২, মঙ্গলবার, ৩:৫৪   সমকালীন কৃষি  বিভাগ


বোরো মৌসুমের নতুন জাত হিসেবে স্বীকৃতি পেয়েছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট থেকে উদ্ভাবিত ব্রি হাইব্রিড ধান ৮। নতুন এ ধানের জাত থেকে হেক্টরপ্রতি ফলন মিলবে সাড়ে ১০ থেকে ১১ টন। গতকাল কৃষি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে জাতীয় বীজবোর্ডের ১০৮তম সভায় নতুন এ জাতের অনুমোদন দেয়া হয়। এছাড়া নতুন জাত হিসেবে স্বীকৃতি পেয়েছে ব্রি উদ্ভাবিত আমন মৌসুমের জাত ব্রিধান ১০৩ ও বাসমতি ধরনের সুগন্ধি জাত ব্রিধান ১০৪।

জাতীয় বীজবোর্ডের সভাপতি ও কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. সায়েদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) মহাপরিচালক ড. মো. শাহজাহান কবীরসহ মন্ত্রণালয়ের অধীন দপ্তর সংস্থার প্রধান উপস্থিত ছিলেন।

সভা সূত্রে জানা যায়, ব্রি হাইব্রিড ধান ৮ জাতটির গাছের উচ্চতা ১১০-১১৫ সেমি। প্রতি গোছায় গড় কুশির সংখ্যা ১০-১২টি। দানার পুষ্টতা ৮৮ দশমিক ৬ শতাংশ। জীবনকাল ১৪৫-১৪৮ দিন।

এছাড়া নতুন উদ্ভাবিত ব্রিধান ১০৩ জাতটির পূর্ণ বয়স্ক গাছের গড় উচ্চতা ১২৫ সেমি। ডিগ পাতা খাড়া। দানা লম্বা ও চিকন। ১০০০ পুষ্ট ধানের ওজন প্রায় ২৩ দশমিক ৭ গ্রাম। ধানে অ্যামাইলোজের পরিমাণ ২৪ শতাংশ। জাতটির গড় জীবনকাল ১৩২ দিন। জাতটির গড় ফলন প্রতি হেক্টরে ৬ দশমিক ২ টন। উপযুক্ত পরিচর্যা পেলে জাতটি প্রতি হেক্টরে আট টন পর্যন্ত ফলন দিতে সক্ষম।

আর ব্রিধান ১০৪ এ আধুনিক উফশী ধানের সব বৈশিষ্ট্য বিদ্যমান। এ জাতের ডিগ পাতা খাড়া, প্রশস্ত ও লম্বা, পাতার রঙ সবুজ। পূর্ণ বয়স্ক গাছের গড় উচ্চতা ৯২ সেমি। জাতটির গড় জীবনকাল ১৪৭ দিন।




  এ বিভাগের অন্যান্য