
ছাদকৃষিতে ওয়ার্ডভিত্তিক পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম। তিনি জানান, সবাই যেন ছাদকৃষিতে আগ্রহী হয়, সে জন্য সচেতনতা চালানো হচ্ছে। আগামী ফেব্রুয়ারিতে ছাদকৃষির ফল ও সবজি নিয়ে একটি মেলার আয়োজন করা হবে। যাঁরা সঠিকভাবে নিয়ম মেনে ছাদকৃষি করবেন, তাঁদের ওই মেলায় পুরস্কৃত করা হবে বলে তিনি জানান।
গত বুধবার রাজধানীর গুলশান-২–এ ঢাকা উত্তর সিটির প্রধান কার্যালয়ের সভাকক্ষে দিনব্যাপী ছাদকৃষি–সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। ঢাকা উত্তর সিটি এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা এফএও’র যৌথ উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়। সেখানেই মেয়র এসব কথা বলেন।
কর্মশালায় কৃষি উন্নয়ন নিয়ে কাজ করা ব্যক্তিত্ব শাইখ সিরাজ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি বলেন, ‘তরুণদেরও ছাদকৃষি এবং চাষাবাদ সম্পর্কে শিক্ষা দিতে হবে।
কৃষিবিদ মো. মেহেদি মাসুদ ঢাকা উত্তর সিটির কাউন্সিলরদের এ সময় সঠিকভাবে ছাদকৃষি বিষয়ে হাতে–কলমে প্রশিক্ষণ দেন। কর্মশালায় ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজার সভাপতিত্বে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার জ্যেষ্ঠ কারিগরি পরামর্শক জ্যাভিয়ার বুয়ান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল জোবায়দুর রহমানসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।