
বায়োফর্টিফাইড জিংক রাইসের মাধ্যমে দেশের মানুষের জিংকের ঘাটতি পূরণ সম্ভব বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। এ সময় তিনি পুষ্টিহীনতা ঠেকাতে জিংক সমৃদ্ধ ধানের আবাদ বাড়ানোর প্রতি কৃষকদের আহ্বান জানান।
গত মঙ্গলবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে এক অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী। ‘বায়োফর্টিফাইড জিংক রাইস অ্যাওয়ার্ড সিরিমনি-২০২২’ শীর্ষক ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তিনি।
খাদ্যমন্ত্রী বলেন, ‘দেশের অধিকাংশ মানুষ বায়োফর্টিফাইড জিংক সমৃদ্ধ চাল সম্পর্কে বা এর গুণগুণ সম্পর্কে মোটেই সচেতন নন এবং তারা এই জিংক সমৃদ্ধ চাল বা ধান সম্পর্কে জানেনও না।’
এ সময় তিনি জিংকসমৃদ্ধ চালে ভোক্তাকে আকৃষ্ট করতে গণমাধ্যমকে এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠানে বায়োফর্টিফাইড জিংক রাইস উৎপাদন, প্রক্রিয়াকরণ ও বাজারজাতকরণে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ১১ জন কৃষক, ৩ জন রাইস মিলার ও ১০ জন খাদ্য বিভাগের কর্মকর্তাকে অ্যাওয়ার্ড প্রদান করা হয়।