বান্দরবানে বীর বাহাদুর উশৈসিং

পাহাড়ে শিক্ষা ও মৌসুম ভিত্তিক নানান অর্থকরী ফসলের উৎপাদন বৃদ্ধিসহ সব খাত উন্নয়নে আওয়ামী লীগ সরকার বদ্ধপরিকর। এ লক্ষ্যে জেলা ভিত্তিক সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের মাধ্যমে তিন পার্বত্য জেলায় শিক্ষা প্রতিষ্ঠান, ছাত্রাবাস নির্মাণ করা হচ্ছে, নতুন নতুন অবকাঠামো নির্মাণের কাজ চলমান রয়েছে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং। তিনি জানান, চাহিদা অনুযায়ী সব খাতে উন্নয়ন করে যাচ্ছে সরকার। শুক্রবার বিশেষ কর্মসূচির আওতায় বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার নোয়াপতং ইউনিয়নের আয়োজনে বাঘমারা বাজারে অনুষ্ঠিত দুস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন, গবাদি পশু, কৃষি উপকরণ ও ছাত্রছাত্রীদের শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠান ও আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। কোনো দলের নাম উল্লেখ না করে মন্ত্রী বলেন, রাস্তা-ঘাটসহ বিভিন্ন অবকাঠামো উন্নয়ন কাজে চাঁদা দাবি করা, না দিলে কাজ বন্ধ করতে ভয়-ভীতি দেখানো; এটা কোন ধরনের রাজনীতি। কেমন রাজনীতি। দাবি আদায়ের আন্দোলন করছেন, করুন।
এসময় স্থানীয় সরকার বিভাগের বান্দরবানের উপপরিচালক মো. লুৎফুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. রেজা সারোয়ার, রোয়াংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান চহাইমং মারমা, বান্দরবান পার্বত্য জেরা পরিষদের সদস্য ক্যসাপ্রু, তিংতিংম্যা মারমা, বান্দরবান ও রোয়াংছড়ি উপজেলার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ প্রমুখ উপস্থিত ছিলেন।