
মানিকগঞ্জের শিবালয় উপজেলার ইছাইল এলাকায় বাংলাদেশ, তাইওয়ান ও থাইল্যান্ডের যৌথ বিনিয়োগে মাছ, মুরুগ ও ডেইরি খাদ্য তৈরির কারখানা স্পেক্ট্রা হেক্সা ফিডস্ (মেগা ফিড)-এ পুনরায় উৎপাদন শুরু হয়েছে। ১৪ জানুয়ারী (বুধবার) এক দোয়া অনুষ্ঠানের পর ফ্যাক্টরিটি পুনরায় স্বাভাবিক উৎপাদনে শুরু করেছে বলে জানিয়েছেন স্পেক্ট্রা হেক্সা ফিডস্ এর পরিচালক (অপারেশন) জনাব আহসানুজ্জামান।
১৩ জানুয়ারী এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় কারখানাটি ক্ষতিগ্রস্ত হয়। তবে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট। স্পেক্ট্রা অক্সিজেন CO2 স্প্রে করে অত্যন্ত সফলতার সাথে আগুন নির্বাপনে সহায়তা করে।। ঐদিন বেলা আড়াইটা নাগাদ আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। আগুনের খবর শুনে শিবালয় উপজেলা চেয়ারম্যান রেজাউর রহমান খান জানু ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এএফএম ফিরোজ মাহমুদ ঘটনাস্থলে ছুটে আসেন এবং সার্বিক সহযোগিতা করেন।
এদিকে মেগা ফিডের সিইও এবং পরিচালক (অপারেশন) আহসানুজ্জামান জানান, আগুনে পাঁচ কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। তবে তাদের ফ্যাক্টরি বর্তমানে স্বাভাবিক উৎপাদনে শুরু করেছে। আগুন ত্রুততম সময়ে নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিস, স্পেক্ট্রা অক্সিজেন, স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসন, এলাকাবাসী, ফ্যাক্টরির সকল পর্যায়ের কর্মীসহ যারা সহযোগিতা করেছেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন আহসানুজ্জামান। তিনি মেগা ফিডের সকল পরিবেশক ও খামারীদের আশ্বস্থ করে বলেন আগুনের ঘটনায় তারা ক্ষতিগ্রস্থ হলেও খামারীদের চাহিদা মতো ফিড সরবরাহ করতে তারা বদ্ধ পরিকর। সংশ্লিস্ট সকলের সহযোগিতা কামনা করেছেন তিনি।