
অতিদ্ররিদ্রদের জন্য পাথওয়েস টু প্রসপারিটি ফর এক্সট্রিমলি পুওর পিপুল (পিপিইপিপি) নামের নতুন এক চ্যালেঞ্জিং প্রকল্প বাস্তবায়ন করতে যাচ্ছে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)। পিকেএসএফ ভবনে ১ অক্টোবর ২০১৯ আনুষ্ঠানিকভাবে প্রকল্পটির পাইলটিং-এর কার্যক্রম উদ্বোধন করা হয়। যুক্তরাজ্যের ডিপার্টমেন্ট ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ডিএফআইডি) এবং ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-এর আর্থিক সহযোগিতায় প্রকল্পটি প্রাথমিকভাবে ৬ বছর (২০১৯-২০২৫) মেয়াদে বাস্তবায়িত হবে।
পিকেএসএফ-এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব মোঃ আসাদুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন ডিএফআইডি বাংলাদেশের প্রধান জুডিথ হার্বার্টসন ও বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের হেড অব কোঅপারেশন মার্শিও চ্যান।
পিকেএসএফ-এর উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব একিউএম গোলাম মাওলা প্রকল্প সম্পর্কে একটি উপস্থাপনা প্রদান করেন। অনুষ্ঠানে পিপিইপিপি প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট (www.pksf.ppepp.org)-এর উদ্বোধন করা হয়। এই প্রকল্প ১০ লক্ষ মানুষের টেকসই উন্নয়নে ২০টি সহযোগী সংস্থার মাধ্যমে ১৩টি জেলার প্রায় ১৫০টি ইউনিয়নে বাস্তবায়িত হবে যার বাজেট প্রায় ছয়শ তিয়াত্তর কোটি টাকা।