
বাংলাদেশের কৃষিক্ষেত্রে উন্নয়নের জন্য ফসল কর্তন পরবর্তী অপচয় কমানোর জন্য উদ্ভাবিত প্রযুক্তিসমূহের মধ্যে বিএইউ-এসটিআর ড্রায়ার ও বায়ুরোধী ব্যাগ খুবই কার্যকর এবং কৃষকদের মধ্যে এটির সম্প্রসারণ প্রয়োজন। বুধবার পোস্ট হারভেস্ট লস রিডাকশন ইনোভেশন ল্যাব বাংলাদেশ ফেজ-২ কতৃক আয়োজিত বার্ষিক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে ওয়েবনিয়ারে প্রধান অতিথির বক্তব্যে কৃষি মন্ত্রাণালয়ের সচিব মো. নাসিরুজ্জামান এসব কথা বলেন।
এতে প্রবন্ধ উপস্থাপন করেন প্রকল্পের প্রিন্সিপাল ইনভেস্টিগেটর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষি শক্তি ও যন্ত্র বিভাগের অধ্যাপক ড. মো. মঞ্জুরুল আলম। এসময় তিনি ফসল কাটার পরবর্তী অপচয় কমানোর জন্য উদ্ভাবিত প্রযুক্তিসমূহের মধ্যে বাংলাদেশে শস্য ও বীজ শুকানো ও সংরক্ষণের জন্য বিএইউ-এসটিআর ড্রায়ার, বায়ুরোধী ব্যাগ ব্যবহারে কৃষি উন্নয়ন নীতিমালায় সিদ্ধান্ত গ্রহণের কথা বলেন। এছাড়ার এটি সম্প্রসারণের জন্য প্রয়োজনীয় অনুমোদন প্রদান ও আমদানীতে কর ও শুল্ক প্রত্যাহার, সরকারী প্রকল্প ও কর্মসূচিতে ভর্তূকি প্রদানের ক্ষেত্রে বিএইউ-এসটিআর ড্রায়ারসহ বায়ুরোধী ব্যাগ অন্তর্ভূক্তকরণ এবং সরকারী-বেসরকারী ব্যাংক হতে কৃষি যন্ত্রপাতির ক্ষেত্রে কমপক্ষে ১৫ ভাগ ঋণ প্রদানের ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান।
কর্মশালায় প্রধান পৃষ্ঠপোষক হিসাবে উপস্থিত ছিলেন বাকৃবির উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান, বিশেষ অতিথি হিসেবে আমেরিকার ইউনিভার্সিটি অব ইলিনয়ের অধ্যাপক ড. আলেক্স উইন্টার নেলসন, কর্মশালার সভাপতিত্ব করেন আমেরিকার কানসাস স্টেট বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও ফিড দ্যা ফিউচার ইনোভেশন ল্যাব ফর দ্যা রিড্যাকশন অব পোস্ট হারভেস্টের পরিচালক ড. জ্যাগার হার্ভে। এতে কার্য-বিবরনী তৈরির দায়িত্ব পালন করেন বাকৃবির কৃষি শক্তি ও যন্ত্র বিভাগের অধ্যাপক ড. মো. রোস্তম আলী।
এছাড়াও কর্মশালার দ্বিতীয় পর্বের আলোচনায় বিশেষজ্ঞ আলোচক হিসেবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো: আবদুল মুঈদ, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) পরিচালক (বীজ ও উদ্যান) মো. নূরনবী সরদার, পল্লী উন্নয়ন একাডেমী, বগুড়া’র প্রাক্তন মহাপরিচালক ড. এম এ মতিন, এসিআই মটরস্ লি. এর নির্বাহী পরিচালক প্রকৌশলী সুব্রত রঞ্জন উপস্থিত ছিলেন। এ পর্বে মডারেটরের দায়িত্ব পালন করেন বাকৃবির কৃষি শক্তি ও যন্ত্র বিভাগের প্রফেসর ড. চয়ন কুমার সাহা।
কর্মশালার সমাপনী বক্তব্য দেন বাকৃবির উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. জসিম উদ্দিন খান এবং বাকৃবির কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নূরুল হক। এছাড়াও কর্মশালায় দেশ- বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের গবেষকবৃন্দ, কৃষি মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকতাবৃন্দ, ছাত্র, কৃষক, ব্যবসায়ীসহ শতাধিক ব্যক্তি অংশগ্রহণ করেন।