www.agribarta.com:: কৃষকের চোখে বাংলাদেশ
শিরোনাম:

চালের দাম আরো কমবে: খাদ্যমন্ত্রী


 এগ্রিবার্তা ডেস্ক    ৯ সেপ্টেম্বর ২০২২, শুক্রবার, ৮:০০   কৃষি পণ্য বিভাগ


সরকারিভাবে খোলাবাজারে বিক্রি (ওএমএস) ও খাদ্যবান্ধব কর্মসূচি চালু হওয়ায় এরই মধ্যে বাজারে চালের দাম কেজিপ্রতি ৫-৬ টাকা কমেছে। চালের দাম আরো কমবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। গতকাল নওগাঁর পোরশা উপজেলার সারাইগাছি বাজারে ওএমএস কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। খাদ্যমন্ত্রী বলেন, আমন ধানেও কৃষকরা যেন ন্যায্যমূল্য পান সেটা নিয়েও কাজ করা হচ্ছে। ন্যায্যমূল্য নিশ্চিত করতে আমরা প্রস্তুত আছি। ১ সেপ্টেম্বর থেকে সারা দেশে ওএমএস ও খাদ্যবান্ধব কর্মসূচি শুরু হয়েছে। খাদ্যবান্ধব কর্মসূচির মাধ্যমে দেশের ৫০ লাখ হতদরিদ্র জনগোষ্ঠীকে ১৫ টাকা কেজি দরে প্রতি মাসে ৩০ কেজি চাল দেয়া হচ্ছে। এছাড়া ওএমএস সপ্তাহে পাঁচদিন চলছে। সারা দেশে ২ হাজার ৩৭০ জন ডিলারের মাধ্যমে ওএমএস বিতরণ করা হচ্ছে।মন্ত্রী বলেন, আগে একজন ওএমএসের ডিলার এক টন চালের বরাদ্দ পেতেন। এবার প্রত্যেক ডিলার দুই টন চাল বরাদ্দ পাচ্ছেন। ওএমএস কেন্দ্রে টিসিবি কার্ডধারীদের অগ্রাধিকার দেয়া হবে। এছাড়া সমাজের পিছিয়ে পড়া এবং তৃতীয় লিঙ্গের মানুষ অগ্রাধিকার পাবেন। টিসিবি কার্ডধারীরা কার্ড দেখিয়ে এবং সাধারণ মানুষ জাতীয় পরিচয়পত্র দেখিয়ে মাসে দুবার পাঁচ কেজি করে চাল কিনতে পারবেন। এক ব্যক্তি যাতে বারবার চাল কিনতে না পারে সেটা নিশ্চিত করা হচ্ছে। পরে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার পোরশা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনে যোগ দেন। সেখানে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন।




  এ বিভাগের অন্যান্য